‘যারা একসময় আমাদের বোম-গুলি মেরেছিল, এখন তারা তৃণমূলের সামনের সারিতে’, গোষ্ঠীকোন্দল উস্কে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

ফের একবার সামনে এল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC inner clash)। পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) যত এগিয়ে আসছে, ততই যেন তৃণমূলের গোষ্ঠীকোন্দল আরও প্রকট হয়ে পড়ছে। এবার এই অন্তর্দ্বন্দ্ব উস্কে দিলেন মালদার তৃণমূল নেতা তথা জেলার কো-অর্ডিনেটর দুলাল সরকার (Dulal Sarkar)। তাঁর কথায়, “যারা একসময় আমাদের বোম-গুলি মেরেছিল, এখন তারা তৃণমূলের সামনের সারিতে রয়েছে”। তাঁর এই মন্তব্যে মালদার তৃণমূলের অন্দরে বেশ শোরগোল পড়েছে।

দুলাল সরকার এদিন বলেন, “বিভিন্ন জেলা নেতৃত্বকে দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন দলের সভানেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলা হয়েছিল কোনও জেলা বাদ দেওয়া হবে না। সে কারণে জেলা কমিটিগুলি চেঞ্জ হচ্ছে। নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা লোকসভা নির্বাচন পর্যন্ত চলবে”।

এর পাশাপাশি দুলালবাবু তোপ দেগে আরও বলেন, “আমাকে সেভাবে জেলা কমিটিতে ডাকা হয় না। কারণ জেলা কমিটিতে এমন কিছু লোক রয়েছে, যাঁরা একসময় আমাদের বোম-গুলি মেরেছিল। তাঁরা এখন তৃণমূলের সামনের সারিতে বসে। তাঁরা এখন ভয়ে বা লোকলজ্জায় আমাদের পার্টির মিটিংয়ে ডাকে না”।

এই বিষয়ে দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি আবার বলেন, “কারা কোথায় কী বলছে, আমার তো জানা নেই। তবে তৃণমূল কংগ্রেসে যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে মনোনীত করা হয় জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, ওয়ার্ড কমিটি। আমরা সৎভাবে সংগঠন পরিচালনা করি। সাহসিকতার সঙ্গে আমি জেলা সভাপতি হিসেবে প্রস্তাবিত জেলা কমিটির নাম বিভিন্ন স্তরের ৩০০ জন কর্মীর সামনে রাখা হয়েছিল। আমরা মালদা জেলায় ইতিহাস তৈরি করেছি। বিগত দিনে ডানপন্থী রাজনীতিতে এটি দেখা যায়নি। আজ যদি কেউ এক লাইনও প্রশ্ন তোলেন, তাহলে ভাবতে হবে তিনি তৃণমূলের লোক নন”।

তৃণমূল নেতার এহেন মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করতে একটুও সময় নেয়নি বিরোধী শিবির। জেলার বিজেপি নেতা বলেন, “মালদায় শুরু থেকে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। মালদা জেলা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী চিন্তিত। প্রতিবার এসে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার জন্য একাধিকবার শাসানি দিয়ে গিয়েছেন, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। মানুষ বিজেপির সঙ্গে মালদা জেলায় আছে। মানুষ বুঝতে পারছে, প্রশাসন ছাড়া তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। সব জায়গায় বিজেপিতে ঢল নেমেছে। মানুষ বুঝতে পারছে, যদি কিছু বদল করা যায়, তা বিজেপিই করতে পারবে”।

RELATED Articles