দার্জিলিংয়ে গিয়ে ব্রেকফাস্ট করতে গিয়ে প্রথমেই মাথায় আসে গ্লেনারিজের নাম। সেই ঠিকানা কারোর ভোলার নয়। সামনে পাহাড়ে, মুখের সামনে ইংলিশ ব্রেকফাস্ট তাও আবার গ্লেনারিজে, এ এক অভাবনীয় সুখ। কিন্তু সেই গ্লেনারিজেই আর মিলবে না দার্জিলিং চা।
গ্লেনারিজ কর্তৃপক্ষের তরফে তাদের ফেসবুক পেজে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে খবর। এই সংস্থার কর্ণধার অজয় এডওয়ার্ড জানিয়েছেন যে চা শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে ১১০ বছরের এই সংস্থা। আর দার্জিলিং চা বিক্রি করবে না গ্লেনারিজ।
রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু’ধাপে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। পুজোর আগে ১৫ শতাংশ দেওয়া হবে আর বাকি পাঁচ শতাংশ দেওয়া হবে কালীপুজোর আগে। দু’ধাপে এভাবে বোনাস দেওয়াকে শ্রমিকদের প্রতি বঞ্চনা হিসেবেই দেখছেন অজয় এডওয়ার্ড।
বলে রাখি, পাহাড়ের রাজনীতিতে কিন্তু অজয় এডওয়ার্ড এখন বড় চরিত্র। তাঁর হামরো পার্টি পাহাড়ের পুরভোটে ব্যাপক ফল করেছে। এর জেরে তৃণমূল তো বটেই, খড়কুটোর মতো উড়ে গিয়েছে গেরুয়া শিবিরও। পাহাড়ের আবেগের সঙ্গে এখন নিজেকে জড়িয়ে ফেলেছেন অজয়।
আর অন্যদিকে আবার বিমল গুরুং বা বিনয় তামাংয়ের মতো নেতাদের দূরে সরিয়ে পাহাড়ের মানুষ এখন অজয় এডওয়ার্ডকে নিজেদের ঘরের লোক করে নিয়েছে। এর ফলে অজয়ের গ্লেনারিজের এই পদক্ষেপ যে পাহাড়ে তাঁদের গ্রহণযোগ্যতা বাড়াবে আর সেই কারণেই যে তিনি এই সুক্ষ্ম কৌশল অবলম্বন করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।





