বাড়িতে ১৫ ঘণ্টা তল্লাশির পর এবার নিজাম প্যালেসে তলব তাপস সাহাকে, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ককে সমন পাঠাল সিবিআই

গত সপ্তাহেই ১৫ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই তল্লাশি চালিয়ে বিপুল নথি উদ্ধার হয়েছে। সেই নথি খতিয়ে দেখে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাপস সাহাকে। আগামীকাল, বুধবারও তাঁকে ডাকা হতে পারে। সূত্রের খবর, তাপস সাহার বিরুদ্ধে ইডি মামলা দায়ের করতে পারে। এই বিষয়ে যদিও তৃণমূল বিধায়কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

গত শুক্রবার বেলার দিকে তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়ি তল্লাশি শুরু করে সিবিআই। ১৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি। অনেক নথিপত্র উদ্ধার করেন তদন্তকারীরা। তাতে একাধিক নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। তাপসের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও তল্লাশি চালিয়ে অনেক তথ্য উদ্ধার করা হয়েছে। সেসবের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সমন পাঠানো হল তাপস সাহাকে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন শাসক দলের একাধিক বিধায়ক। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে এই দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত। তাপস সাহা সন্দেহের তালিকায় থাকায় তাঁর বাড়িতেও চালানো হয় তল্লাশি সিবিআইয়ের। ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চলে। তবে তাপস সাহা বা তাঁর ঘনিষ্ঠ কাউকে গ্রেফতার করেনি সিবিআই।

তবে উদ্ধার হওয়া নথিগুলিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআইয়ের।  শিক্ষা-সহ নানান দফতর তো বটেই, আমলা নিয়োগেও মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে বলে দাবী তদন্তকারীদের। সেসব নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ও তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়াল সম্পর্কে তথ্য জানতেই তাপস সাহাকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে বলে অনুমান। এর আগে বিধায়ক নিজেই আপ্ত সহায়ককে ‘ঠগ, প্রতারক’ বলে তোপ দেগেছিলেন।

আরও অন্যান্য খবর