শ্যামবাজারে বিজেপির কর্মসূচিতে বাধা পুলিশের, তুমুল ধ্বস্তাধস্তি, টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হল রুদ্রনীল ঘোষকে, ঘটনাস্থলে অসুস্থ রূপা গঙ্গোপাধ্যায়

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রতিবাদ জানাচ্ছে গোটা বাংলা। রাস্তায় নেমে চলছে বিক্ষোভ, আন্দোলন। আজ, শুক্রবার এই ঘটনার প্রতিবাদেই ছিল বিজেপির কর্মসূচি। সেই কর্মসূচিতেই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। ঘটনাস্থলে থেকে আটক করা হয় রুদ্রনীল ঘোষ ও বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে।

আর জি করের ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার ধর্না কর্মসূচির ডাক দেয় বিজেপি। শ্যামবাজারের ১ নম্বর মেট্রো স্টেশনের গেটের সামনে বাধা হয়েছিল গেরুয়া শিবিরের ধর্না মঞ্চ। গতকাল, বৃহস্পতিবার রাতে বাধা হয় এই মঞ্চ।

কিন্তু আজ, শুক্রবার সকালে বিজেপির কর্মী-সমর্থকরা দেখেন যে সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। ওই জায়গায় ফের মঞ্চ বাধা হয়। কিন্তু তা করতে বাধা দেয় পুলিশ। সেই সময় ঘটনাস্থলে পৌঁছন রুদ্রনীল ঘোষ। ছিলেন শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, অশোক কীর্তনিয়ারাও।

ধর্নায় বসেন তারা। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা। ক্রমেই তা হাতাহাতিতে পরিণত হয়। এরপরই ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ। তাদের টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। আটক করা হয় রুদ্রনীল ঘোষ ও অশোক কীর্তনিয়াকেও। তাদেরও টেনে তোলা হয় প্রিজন ভ্যানে।

গ্রেফতারির পর প্রিজন ভ্যান থেকেই ভিডিও করে রুদ্রনীল ঘোষ জানান, “রাস্তায় নেমে আসুন। দলমত, ঝান্ডা ছাড়া রাস্তায় নেমে আসুন। জোর করে একটা মেয়েকে মেরে তথ্যপ্রমাণ লোপাট করেছে। কত লালবাজারে জায়গা আছে? কতজনকে জেলে ভরবেন? এবার গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নামবে। সকলে গর্জে উঠুন। রাস্তায় নামুন। প্রতিবাদ করুন”।

এই ঘটনায় পুলিশ ও মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ উগড়ে দেন রূপা গঙ্গোপাধ্যায়ও। তাঁর হুঁশিয়ারি, “রোজ রাস্তায় থাকব”। তবে এই ধ্বস্তাধস্তির ঘটনার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।

RELATED Articles