কিছুদিন আগেই জিএসটি-র ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য পাওনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা অমিত মিত্র এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও লেখেন। এবার গতকাল, শুক্রবার জিএসটি-র বকেয়া বাবদ ৮১৪ কোটি টাকা কেন্দ্র দিল বাংলাকে।
গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যগুলিকে জিএসটি বাবদ বকেয়া টাকা রাজ্যগুলিকে দিয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত জিএসটি বাবদ বকেয়া টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, সেই খাতেই ৮১৪ কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। এই নিয়ে গত কয়েক দিনে কেন্দ্রের থেকে তৃতীয়বার বকেয়া পেল রাজ্য।
গতকাল বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি টাকা রাজ্যকে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। গত সপ্তাহেই কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাবদ ৫৮৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
নানান প্রকল্পের জন্য রাজ্যকে টাকা দিলেও, ১০০ দিনের কাজের বকেয়া টাকা এখনও মেটায় নি কেন্দ্র। যা নিয়ে রাজ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্য সরকারের কথায়, একাধিকবার এই টাকার জন্য আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। জানা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজে ৬৭৫০ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন যাতে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয় এবার।
গতকাল, শুক্রবার সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গা-পদ্মার ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র। কতদিন ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান পড়ে আছে! অল পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে প্রতিনিধি দল যাক। স্পিকারকে এমন প্রস্তাব দিচ্ছি”। এই প্রতিনিধিদল দিল্লিতে সব মন্ত্রীদের কাছে এমনকি প্রধানমন্ত্রীর কাছেও দরবার করবে বলে জানা গিয়েছে।





