ফিল্ম ফেস্টিভ্যাল মঞ্চে নাচ করা নিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের, পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী

গতকাল, মঙ্গলবার ছিল কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন। এদিন ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে শাসক-বিরোধীর মধ্যে শুরু তরজা। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। এবার এর পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 কী বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী?

গতকাল, মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড তারকা সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর-সহ টলিপাড়ার একঝাঁক তারকাও। এদিন ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে গানের তালে তালে নেচেছিলেন সকলে। মঞ্চে তাদের পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, “গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন”।

শুধু কেন্দ্রীয় মন্ত্রীই নন, ফিল্ম ফেস্টিভ্যাল মঞ্চে মমতার নাচ প্রসঙ্গে আজ, বুধবার এক্স হ্যান্ডলে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রীকে রোমের রাজার সঙ্গে তুলনা করে তিনি লেখেন, “রোম যখন জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিল”।

https://twitter.com/AITCofficial/status/1732329755725516835?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1732329755725516835%7Ctwgr%5E8751267ef4b7c3ad7144e23f63edcfe6db52567c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fgiriraj-singh-attacked-mamata-banerjee-on-film-festival-dance-cm-reacts%2F

মমতার পাল্টা জবাব

গিরিরাজ সিংয়ের এই আক্রমণকে যদিও বিশেষ গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বাগডোগরা বিমানবন্দর থেকে বেরোনোর সময় এর পাল্টা জবাব দিয়ে মমতা বলেন, “আমি নাচতে পারি না। আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলাই ওদের উৎসাহিত করতে”।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণের প্রতিবাদে সরব হয়েছেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন-সহ প্রায় সকলেই। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই ধরনের অপমানজনক কথার জবাব দিতে আমাদের রুচিতে বাধে। যে কথা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি”।

এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের অন্য এক মন্ত্রী শশী পাঁজা বলেন, “এটা বিজেপির নারী বিদ্বেষের আর একটি নমুনা। এটা ২০২১ এ দেখেছিলাম। ওনাদের নেতা এরাজ্যে ভোটের প্রচারে এসে যেভাবে ‘দিদি ও দিদি’ বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন, বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছিলেন”।

নানান মহলে এমন শোরগোলের পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের সিংয়ের সাফাই, কোনও মহিলা হিসাবে নয়, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে আক্রমণ করেছেন।

আরও অন্যান্য খবর