করোনা রুখতে ২০০ কোটির তহবিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার করোনা ভাইরাস মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার করোনাভাইরাস মোকাবিলার জন্য নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই তহবিল তৈরির কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও করোনা মোকাবিলায় যে সব স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন সেরকম ১০ লক্ষ কর্মীর জন্য ৫ লক্ষ টাকার অতিরিক্ত বিমার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  করোনা মোকাবিলায় রাজ্যের তরফে ২ লক্ষ এন-৯৫ মাস্কের বরাত দেওয়া হয়েছে। এছাড়াও ১০ হাজার থার্মোমিটার গান কেনা হচ্ছে এবং ৩০০ ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা হচ্ছে। শপিং মল, সরকারি ও বেসরকারি অফিসে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। বেসরকারি হাসপাতালগুলিকেও মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগীকে যাতে ফেরানো না হয়। এছাড়া রেল এবং বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা এবং আইসিডিএস শিক্ষাকেন্দ্র। এই আইসিডিএস-এর পড়ুয়াদের যে মিড ডে মিল তার কাঁচামাল হিসেবে বাড়িতে বাড়িতে পাঠানো হবে চাল ও ডাল। পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল, অডিটোরিয়াম, সুইমিং পুল, স্টেডিয়াম এবং রিয়্যালিটি শোয়ের শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

RELATED Articles

Leave a Comment