করোনা জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ছুটি নেই সরকারি কর্মচারীদের

করোনা ভাইরাসের আশঙ্কায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। প্রথমে ছুটি দেওয়া হয়েছিল ৩১শে মার্চ পর্যন্ত। পরে সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের শেষে স্থির হয় ছুটি বাড়ানো হবে। তবে অন্যান্য সরকারি দফতরে ছুটি অমিল। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সরকারি কর্মচারীদের জন্য কি বিশেষ কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি দফতরে স্যানিটাইজার পাঠাতে বলেছি।”  তবে ছুটির কথা কিছু বলেননি মমতা।

মুখ্যমন্ত্রী এও বলেন, পঠনপাঠন বন্ধ থাকলেও  শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে যে সমস্ত অফিশিয়াল কাজ থাকে, সেগুলি তাঁরা নিজেদের মতো করে করে নেবেন। বাংলায় এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, পাঁচহাজার মানুষকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় রাজ্যে ২০০ কোটি টাকার তহবিল তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সর্বত্র ৩১ মার্চ পর্যন্ত সব সুইমিং পুল, সিনেমা হল, অডিটোরিয়াম, স্টেডিয়াম বন্ধ থাকবে। বন্ধ রাখতে হবে রিয়্যালিটি শোয়ের শ্যুটিংও। করোনা প্রতিরোধে কোনোরকম ফাঁকফোকর রাখতে চায় না রাজ্য।

RELATED Articles

Leave a Comment