পথ আটকে চলছিল অবরোধ। অন্যদিকে আটকে থাকা অ্যাম্বুলেন্সে ছটপট করছিল ছোট্ট প্রাণটা। হাসপাতাল পর্যন্ত পৌঁছনোর আগেই মৃত্যু হল শিশুর। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়। ক্ষোভ উগড়ে দিলেন শিশুর পরিবারের লোকজন।
পুলিশ সূত্রে খবর, গতকাল, সোমবার রাতে জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় চলছিল অবরোধ। সেই সময় লালগোলা থেকে এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল জঙ্গিপুর হাসপাতালে। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল শিশুর।
শিশুর পরিবারের অভিযোগ, এই অবরোধের জেরে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। অনেকবার অনুরোধ করলেও অ্যাম্বুলেন্সে জায়গা করে দেওয়ার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই অবরোধে উপস্থিত ছিলেন জঙ্গিপুর তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানও। পুলিশও ছিল সেখানে। কিন্তু তা সত্ত্বেও যেতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্সকে। এর ফলে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে যায় শিশুকে। ফলত শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মৃত শিশুর পরিবারের তরফে জানানো হয়, “আমি বারবার অনুরোধ করি, আমাদের যেতে দিন। আমি দেখতে পারছিলাম, রাস্তাটা ফাঁকা। আমি চেয়ারম্যানকেও দেখতে পেয়েছিলাম। হেল্প করতে বলি। গাড়িতে একটু পৌঁছে দিতে বলেছিলাম। আমি অনেক চেষ্টা করে জোর করে যাই। ডাক্তারবাবু বলল খুব দেরি হয়ে গেল, আর দুটো মিনিট আগে এলেই বাঁচানো যেত”।
আরও পড়ুনঃ হাইকোর্টের মধ্যে মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ, তুলকালাম আদালতে, আর জি কর আবহেই ফের কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
এই ঘটনা প্রসঙ্গে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মজিফুল ইসলাম বলেন, “আমরা বারবার মাইকিং করে অনুরোধ করেছি, অবরোধ তুলে নিন। আমি একটা মোটর সাইকেলে করে ছেলেটাকে নিয়ে পাঠাই। হাসপাতালে ভর্তি করা হয়”।





