‘আমারও অনেক বান্ধবী রয়েছে, তারা কেউ অর্পিতার মতো নন’, পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে কটাক্ষ তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য উঠছে। এবার এই নিয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) চিরঞ্জিত চক্রবর্তীও (Chiranjit Chakraborty)। গতকাল, বৃহস্পতিবার একটি রাখিবন্ধন উৎসবের অনুষ্ঠানে হাজির হয়ে ‘অপা’কে নিয়ে মন্তব্য করলেন তিনি। এর আগেও এই নিয়ে একবার মুখ খুলেছিলেন চিরঞ্জিত।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রিত্ব ও তৃণমূলের নানান পদ থেকে অপসারণ করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা ও তাল তাল সোনা ও রুপো। পার্থ-অর্পিতাকে নিয়ে নেটদুনিয়ায় নানান ট্রোলও কম হয়নি। শাসক শিবিরের নানান নেতাও এই নিয়ে নানান মন্তব্য করেছেন। এবার এই নিয়ে মন্তব্য করলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।  

গতকাল, বৃহস্পতিবার বারাসত গভর্নমেন্ট কলেজের সামনে রাখিবন্ধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, ‘‘আমারও অনেক বান্ধবী আছে। তারা কেউ অর্পিতার মতো নন। তবে, বান্ধবীদের কাছে কত টাকা আছে তা আমি জানি না”। তিনি আরও বলেন, ‘‘আমার সিবিআই এবং ইডিতে কোনও আতঙ্ক নেই। ওরাও আমায় পছন্দ করে না”।

ইডি-র হেফাজতে থাকার সময় একসময় জেরায় পার্থ বলেছিলেন যে তিনি অর্পিতাকে সেভাবে চেনেন না। মাঝেমধ্যে দেখা হয়েছে এই যা। কিন্তু জেল হেফাজতে বসে সেই অর্পিতার সম্পর্কেই খোঁজখবর নেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা কীভাবে রয়েছেন, তিনি খাওয়াদাওয়া করছেন কী না, কী ভাবছেন, এই নানান খবরাখবর নিতে শোনা গিয়েছে পার্থকে।

সূত্রের খবর, গত সোমবার আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় তাঁর কাছেই অর্পিতার খোঁজ নেন তিনি। অর্পিতার আইনি দিক আদৌ কেউ দেখছেন কী না, কীভাবে গোটা বিষয়টা হচ্ছে, নানান তথ্য জানতে চান পার্থ।  প্রয়োজনে নিজের আইনজীবীকেই অর্পিতাকে আইনি সাহায্য দেওয়ার কথাও বলেন বলে জানা গিয়েছে।

পার্থ ইডি-র কাছে বলেছেন বটে যে তিনি অর্পিতাকে সেভাবে চেনেন না। কিন্তু তা আদতে সত্যি নয়। কারণ পার্থ ও অর্পিতার নামে যৌথভাবে প্রচুর সম্পত্তি রয়েছে। অর্পিতার একাধিক বিমার নমিনি খোদ পার্থ। তাই ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে যে এমনটা সম্ভব নয়, তা ইডিও জানিয়েছে।

আরও অন্যান্য খবর