‘এবার মন্ত্রিসভার বৈঠক জেলেই করতে হবে, তৃণমূলের বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত’, অনুব্রতর গ্রেফতারির পর শাসকদলকে আরও একদফা কটাক্ষ দিলীপের

কিছুদিন আগেই এসএসসি দুর্নীতির (SSC Scam Case) জেরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। পার্থর গ্রেফতারির ২০ দিনের মাথাতেই গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) সিবিআই গ্রেফতার করল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। এরপরই ফের একদফা শাসকদলকে শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “এবার মন্ত্রিসভার বৈঠক জেলেই করতে হবে”।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পদ খালি তো আরও বেশি হওয়া উচিত। তবে দুটো উইকেট পড়েছে। আরও অনেক বেশি পড়বে আমার ধারণা। এরপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মন্ত্রিসভার বৈঠক করতে হয় জেলের মধ্যে গিয়ে করতে হবে। পার্টির যদি মিটিং করতে হয় জেলের মধ্যে গিয়ে করতে হবে। কারণ বেশিরভাগ নেতা মন্ত্রী দুর্নীতিগ্রস্ত। তাই সাধারণ মানুষই কোর্টে গেছে। কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, সেই সিবিআই তদন্তে ধরা পড়ছে সব। যারা রাজনীতি করছেন, তারা মাথা ঠিক করুন”।

সম্প্রতি তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডি-কে পার্টি করেছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “চোর ডাকাতদের কোন মান সম্মান থাকে না। মোদীজি না দিলীপ ঘোষ কে কেস করেছে? সাধারণ মানুষ কেস করেছেন। নারদা আর সারদার কেস কে করেছে? সাধারণ মানুষ কেস করেছে। পার্টি তাদের সঙ্গে যুক্ত হয়েছে পরে। এসএসসি, টেট দুর্নীতি–সহ গরু পাচার, কয়লা পাচার হয়েছে। এতদিন লুঠ করছিলেন, ভাবছিলেন কেউ কিছু করবে না। আজ যখন দেখছেন ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে তখন উল্টোপাল্টা বলছেন। আইন থেকে কেউ বাঁচবেন না”।

কিছুদিন আগেই ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে বলেন যে তৃণমূলের কিছু জন অসৎ হতে পারেন। কিন্তু তৃণমূলের সকলে চোর নয়। তাদের এই বক্তব্য সম্পর্কে মেদিনীপুরের সাংসদ বলেন, “ওঁরা কখনও ভেবেছেন, কত মানুষকে ওঁরা কাঁদিয়েছেন”?

এখানেই শেষ নয়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি আরও বলেন, “অনুব্রতর জেলায় ৭৩১টা গাঁজা কেস হয়েছে। তারা কারা? আমাদের পার্টির লোক। কিছু অন্য লোক আছে, যারা বিরোধিতা করেছে। তাদেরকে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। যাদের এখন চোখের জল বেরোচ্ছে, তারা কখনও ভেবেছিলেন বাংলার মানুষ কীভাবে বেঁচে আছেন? এসএসসি’‌র প্রাক্তন চেয়ারম্যান বলেছেন কম করে ৩৮ হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে”।

RELATED Articles