এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam Case) বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি। এর মধ্যেই সন্ধান মিলেছে পার্থর এক ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা, ২০টি মোবাইল ও ৫০ লক্ষেরও বেশি টাকার গয়না উদ্ধার করেছে ইডি। এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)।
মেদিনীপুরের এক সভায় উপস্থিত ছিলেন চিরঞ্জিত। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হয় তারকা-বিধায়ককে। উত্তরে চিরঞ্জিত বলেন, “আমি খুব ভয়ে আছি। আমার কিছু বান্ধবী আছে এদিক সেদিক ছড়িয়ে। এখানেও হয়তো আছে। কবে তাদের বাড়িতে হানা দেওয়া হয়, টাকা নিয়ে নেওয়া হয় সেই নিয়ে ভয়ে আছি”।
শুধু তাই-ই নয়, এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখপাধ্যায়ের গ্রেফতারি ও এই ঘটনার সঙ্গে জড়িত নানান বিষয়ের নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তৃণমূল বিধায়ক।
বলে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার প্রায় ২৭ ঘণ্টা জেরার পর ইডি গ্রেফতার করে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। ২ দিনের জেল হেফাজত তাঁর। কিন্তু এজলাসে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএমে ভর্তির নির্দেশ দেয় আদালত। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় পার্থকে।
নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এসএসকেএমে চিকিৎসায় প্রভাবিত করা হতে পারে এই অভিযোগ তুলে হাইকোর্টকে এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানানো হয় ইডির তরফে। সেই অনুযায়ী, গতকাল, রবিবার রাতে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা হবে ভুবনেশ্বর এইমসে। সেই নির্দেশ অনুযায়ী আজ, সোমবার সকাল ৮টা ২৯ মিনিট নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থকে নিয়ে যাওয়া ভুবনেশ্বর। সঙ্গে ছিলেন এসএসকেএমের এক চিকিৎসক ও পার্থর আইনজীবী।





