‘ডাণ্ডা-ফান্ডায় কোনও লাভ নেই, ওরা ডাণ্ডা নিয়ে কী খেলা দেখায় দেখি’, নবান্ন অভিযানে সুকান্তর মন্তব্য নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা চিরঞ্জিত

আগামী মাসেই রয়েছে বিজেপির (BJP) নবান্ন অভিযান। এই অভিযান কর্মসূচির প্রচারে সাংবাদিকদের উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছিলেন, “নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) দৌড়াদৌড়ি করতে হয়। তৃণমূল কংগ্রেসের বিশেষ বাহিনী যদি আটকানোর চেষ্টা করে, তাহলে তাকে রুখে দেওয়া জন্য বিজেপি পথে নামবে। আর নবান্ন অভিযানে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়বে, জলকামান চালাবে, আমাদের পতাকা শক্ত করে উপরে দিকে তুলে ধরতে হবে, সেই জন্য ডান্ডাই লাগাতে হবে, না হলে তো পতাকা থাকবে না”। এবার বিজেপি নেতার এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগলেন বারাসাতের তৃণমূল সাংসদ চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)।

গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর বারাসতে দলের এক কর্মসূচিতে যোগ দেন চিরঞ্জিৎ। সেই কর্মসূচি থেকেই তিনি বলেন, “এখানে ডান্ডা ফান্ডায় কোনও লাভ নেই। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে এখন যদি লোকসভা নির্বাচন হয় তাহলে ৪২ এ ৩৫ টি আসনই তৃণমূল কংগ্রেসের হবে। কাজেই আমাদের কোনও চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় টপে আছেন। এই ঝান্ডা ডান্ডায় কিচ্ছু হবে না। ওরা খেলুক ডান্ডা নিয়ে, কি খেলে দেখি। আমরা ভদ্র সভ্য খেলা খেলব। সুকান্ত মজুমদারের এই কথায় মানুষের কিছু এসে যায় না”।

প্রসঙ্গত, রাজ্যে চলা একের পর এক দুর্নীতির অভিযোগে সরব হয়ে আগামী ৭ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। সেই অভিযানের প্রচার কর্মসূচিতেই ডাণ্ডা নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার।

তিনি আরও বলেন, “হিংসার পালটা হিংসায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি সংবিধানকে বিশ্বাস করে। সংবিধান বলছে, আমাদের উপর যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে। আমাকে যদি কেউ গুলি করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে। ভারতীয় সংবিধানের এই অধিকারকে আমরা প্রয়োগ করব”।

এসএসসি দুর্নীতি ও গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। রাজ্যের নেতাদের এই গ্রেফতারি নিয়ে এদিন চিরঞ্জিত বলেন, “যে দোষী সে শাস্তি পাবে। এর সঙ্গে বিজেপির উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। দেশ জুড়ে যা ইচ্ছ করুক বিজেপি,কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিজেপির কোনও ঠাঁই নেই। তৃণমূলে মধ্যে কোনও গোষ্ঠীকোন্দল নেই। বিশেষ করে বারাসতে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করছি। সবাই একসঙ্গে আছি”।

RELATED Articles