বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রাতে স্ত্রীকে খুন করে সকালে ডিউটিতে যান সিভিক ভলান্টিয়ার। মৃতার নাম রুকসোনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কেতুগ্রামের কাজীপাড়ায়। ঘটনা চাউর হওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
জানা গিয়েছে, রাতে খাবার খেয়ে শুতে যান অভিযুক্ত নুর আলি। এরপর বচসার জেরে স্ত্রীকে খুন করেন তিনি। খুনের পর সকালে নিয়মমাফিক নিজের ডিউটিতে রিপোর্ট করেন তিনি। নুর আলি পেশায় সিভিক ভলান্টিয়ার। সকালে রুকসোনার মা দেখা করতে আসেন মেয়ের বাড়িতে। তিনিই প্রথম দেখেন মেয়ের নিথর দেহ। এরপরেই খবর দেন জামাইকে। নুর ফিরতেই সন্দেহের তীর যায় তার দিকেই। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রুকসোনার শরীরে পাওয়া গিয়েছে একাধিক আঘাতের চিহ্ন। নুরের বিরুদ্ধে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ আনে পরিবার। তাদের দাবী, রাতে খাওয়ার পর রুকসোনাকে খুন করে সে। পুলিশ এসে গ্রেফতার করে তাকে।
স্থানীয় সূত্রের খবর, বিয়ের বছরখানেক পর থেকেই স্বামি-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। সন্তান হওয়ার পরও সেই অশান্তি মেটে না। এরপর ওই এলাকারই এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে নুর। জানাজানি হলে স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে। স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগও আনে রুকসোনার পরিবার। এই নিয়ে বচসার জেরেই তার মেয়েকে খুন করা হয়েছে বলে দাবী রুকসোনার মায়ের। নুরের অবৈধ সম্পর্কের জেরেই এই খুন এমনটাই প্রাথমিক অনুমান করছে কেতুগ্রাম থানার পুলিশ। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কী না অথবা অন্য কেউ এই খুনের সঙ্গে জড়িয়ে কী না, তা খতিয়ে দেখবে পুলিশ।






