লোকসভা নির্বাচনের প্রাক্কালেই দুই মন্ত্রীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। তুমুল সংঘাত রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিও-র। এই ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি নিজে দিনহাটা যাচ্ছেন বলে খবর। এই ঘটনায় দিনহাটায় ২৪ ঘণ্টার বনধ ডেকেছে তৃণমূল।
কী ঘটেছিল ঘটনাটি?
গতকাল, মঙ্গলবার রাতে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার চৌপতি এলাকা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যেবেলা প্রচার সেরে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই সময় ওই এলাকাতেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন করছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিশীথ প্রামাণিকের কনভয় আটকে দেওয়া হয়। এর জেরে বচসা শুরু হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে।
অন্যদিকে আবার উদয়ন গুহ এক তৃণমূল নেতার বাড়ি অনুষ্ঠানে যোগ দিতে গেলে নিশীথ প্রামাণিক ও তাঁর দলবল এলাকায় উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। এই ঘটনায় রাস্তার উপর সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই মন্ত্রী। উত্তাল হয় পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় ওই এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিও-র। এই ঘটনায় রাস্তা অবরোধ করে বিজেপি।
অন্যদিকে আবার এই ঘটনার প্রতিবাদে আহ, বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল। আগামীকাল, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলবে এই বনধ। একে তো বৃষ্টি, তার উপর এই বনধ। এর জেরে দিনহাটার রাস্তাঘাট শুনশান। দোকানপাট বন্ধ। রাস্তায় মানুষ নেই বললেই চলে। গাড়িঘোড়াও সেভাবে চলছে না।
এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি বুধবারই দিনহাটা যাচ্ছেন বলে খবর। তিনি আগেই জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে গ্রাউন্ড জিরো থেকে তিনি তদারকি করবেন। কোনও ঝামেলা বা অশান্তি হলে সাধারণ মানুষের কাছে পৌঁছবেন তিনি। সেই অনুযায়ীই এবার কাজ শুরু করলেন রাজ্যপাল।





