বড় সুখবর! জট কাটছে বউবাজার সমস্যার, চলতি বছরেই সেক্টর ফাইভ-হাওড়া জুড়ে ছুটবে মেট্রো

বউবাজারের মাটির তলায় কাজ চলাকালীন বারবার সমস্যা দেখা গেছে। কখনও সুরঙ্গে ধস আবার কখনও সুরঙ্গে জলের প্রবেশ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল মেট্রোর কাজ। মসৃণভাবে করা যাচ্ছিল না। সূত্রের খবর, এবার মেট্রোর সেই জট কাটছে। সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ রুটে যাত্রী নিয়ে ছুটে চলবে ইস্ট–ওয়েস্ট মেট্রো। এখন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলছে। কিন্তু হাওড়ার সঙ্গে তা যুক্ত হয়নি। এই কাজ করতে গিয়েই বারবার বউবাজারে বাড়িতে ফাটল, মাটিতে ধস দেখা গেছে।

এদিকে ১৫ মার্চ থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছে। তাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু বউবাজারে বারবার টানেল বিপর্যয়ের কারণে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পথ গড়ে ওঠেনি। তবে এবার জট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, হাওড়া ময়দানের দিকে যাওয়ার টানেলে বউবাজারের কাছে সমস্যা দেখা গেছিল। ২০১৯ সালের আগস্ট মাসে টানেল বোরিং মেশিনের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে। ধসে ক্ষতিগ্রস্ত হয় নির্মীয়মাণ সুড়ঙ্গ। তারপর ২০২২ সালে দুদফায় জল ঢুকে মাটির নীচের কংক্রিটের পথ বাধাপ্রাপ্ত হয়।

এপ্রসঙ্গে মেট্রো রেলের এক অফিসার বলেন, “বউবাজারে ক্ষতিগ্রস্ত টানেলের কাজ শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। সব ঠিক থাকলে ডিসেম্বর মাসের মধ্যে চালু করা যাবে যাত্রী পরিষেবা”।

মেট্রো তরফ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, “মাটির তলায় এখন দুটি টানেল তৈরি হয়েছে। সল্টলেক সেক্টর ফাইভের দিকে যাওয়ার টানেল তৈরির কাজ এখন শেষ। এখন প্রত্যেকদিন এই টানেল দিয়েই সল্টলেক থেকে খালি রেক হাওড়া ময়দান স্টেশনে যাচ্ছে”।

জানা গিয়েছে, এসপ্ল্যানেড-শিয়ালদা সংযোগকারী টানেলকে মেট্রো চলাচলের উপযুক্ত করতেই শুরু হয় ‘রেট্রো ফিটিং’ কাজ।টানেলের ক্ষতিগ্রস্ত অংশে স্টিলের প্লেট বসানোর কাজ শেষ হয়েছে। কিছু কাজ এখনও বাকি রয়েছে। ইঞ্জিনিয়াররা জানান, “মেট্রো টানেলের ক্ষতিগ্রস্ত অংশে এবার ইস্পাতের বলয় তৈরি করা হয়েছে। এই কাজ করেই কংক্রিট পথকে আবার আগের অবস্থায় নিয়ে আসার কাজ চলছে। এই কাজের পদ্ধতিকেই বলা হয় ‘রেট্রো ফিটিং’।”

RELATED Articles