তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে প্রথম সভা থেকেই বাংলায় বিধানসভা নির্বাচনের জমাটি লড়াইয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।
প্রত্যেক সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরাসরি তোপ দেগেছেন এই তৃণমূল ত্যাগী বিজেপি নেতা। আর এবার অভিষেকের সঙ্গেই তাঁর স্ত্রীকেও নিজের আক্রমণের নিশানায় নিলেন তিনি।
এ দিন বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার তোলাবাজ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগের ঘটনা টেনেও একের পর এক আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।
আজকে বারুইপুরের সভামঞ্চ থেকে প্রমাণ দেখিয়ে তিনি দাবি করেন গরু এবং কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালার টাকা ব্যাংককে যায়। এ প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু নথিও পেশ করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনই ২০১৯ সালের ১৫ই মার্চ রাতে ব্যাংকক থেকে কলকাতায় ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার সঙ্গে থাকা মাল পত্তর পরীক্ষা করে বেআইনি সোনার হদিশ মেলে বলে দাবি শুল্ক দফতরের, বহুদূর সেই জল গড়ায়। এ দিন শুভেন্দুর দাবি, লালার টাকা ব্যাংককেই চলে যায়।
তবে এদিন বারুইপুরের আবহাওয়া ছিল বেশ উত্তপ্ত। সকালে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপির পতাকা ছেঁড়ার। এরপর শুভেন্দু অধিকারীর গাড়ি বারুইপুরের সভায় ঢোকার সময় কালো পতাকা দেখানো হয়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন ‘তোলাবাজ ভাইপো জেনে রাখুন এই জেলা থেকেই বিজেপি সবচেয়ে ভাল ফল করবে।’ একইসঙ্গে শুভেন্দুর মন্তব্য ‘এখানে একটা ছোট তোলাবাজ আছে, গৌতম। আগে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছিল, এখন তোলাবাজ গৌতমের জন্য বিখ্যাত। আমি এখানে আসার সময় আমাকে কালো পতাকা নিয়ে রিসেপশন দিচ্ছিল। আমি কাঁচ নামিয়ে নমস্কার করে চলে এসেছি।





