চলন্ত বাইকে হাত ছড়িয়ে স্টান্ট অধীরের, হেলমেট ছাড়াই বুলেট চালিয়ে রাস্তা কাঁপালেন কংগ্রেস নেতা

সকাল সকাল বাইক রাইডে বেরিয়ে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুধু কী তাই, চলন্ত বাইকে হাত ছড়িয়ে স্টান্টও দেখালেন। তাও আবার হেলমেট ছাড়াই বুলেট চালালেন। এই নিয়ে প্রশ্নও তুলতে শুরু করেছেন অনেকেই।

কিন্তু হঠাৎ বাইক নিয়ে রাস্তায় কেন অধীর?

আসলে দীর্ঘদিন ধরে চলছিল ৩৪ নম্বর জাতীয় সড়কের মেহেদীপুর থেকে বলরামপুর বহরমপুরের বাইপাস রাস্তার কাজ। সদ্যই সেই রাষ্ট্র একটি লেনের কাজ শেষ হয়েছে। পুজোর আগে সেই লেন খুলে দেওয়া হয়েছে বহরমপুরবাসীদের জন্য। সেই লেনেই বুলেট চালিয়ে রাস্তা কাঁপালেন অধীর।  

এদিন সকালেই এই নতুন রাস্তার উদ্বোধন করেন অধীর চৌধুরী। এরপরই সকাল সাড়ে ৬টা নাগাদ বুলেট চালিয়ে রাস্তা পরিদর্শন করেন বহরমপুরের সাংসদ। বলরামপুর থেকে মেহদীপুর পর্যন্ত বাইক চালান তিনি তাও আবার হেলমেট ছাড়াই। আবার চলত বাইকে হাত ছড়িয়ে স্টান্ট করতেও দেখা যায় কংগ্রেস নেতাকে। যা নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছেন তিনি।

এই রাস্তা তৈরি ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত বেশ সুবিধা হবে। আগে বহরমপুর শহরের মধ্যে দিয়ে একটি লেন দিয়ে যাতায়াত করতে হত। তাতে ১০ কিলোমিটার বেশি অতিক্রম করতে হত। তবে এই নতুন রাস্তা তৈরির ফলে সময় ও রাস্তার দৈর্ঘ্য। দুই-ই কম হবে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়। জমিজটের কারণে বেশ কয়েকবার কাজ আটকে যায়। জানা গিয়েছে, ভাগীরথী নদীর ওপর ৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার কিছুটা কাজ এখন বাকি। তবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই রাস্তা দূরপাল্লার যাত্রীদের জন্য গন্তব্যস্থলের দূরত্ব অনেকটাই কমবে। বহরমপুর শহরের মধ্য দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles