কংগ্রেস পরিচালিত রাজ্যগুলিও পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে, পশ্চিমবঙ্গ কেন সেই পথে হাঁটছে না’? চিঠি লিখে মমতাকে তোপ অধীরের

দীপাবলির আগেই পেট্রোল-ডিজেলের উপর থেকে আবগারি শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। এর জেরে খানিকটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে এর পর থেকেই নানান রাজ্যগুলিও যাতে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমায়, এমন দাবী ওঠে নানান মহল থেকে। কেন্দ্র সরকারের ঘোষণার পরপরই নানান বিজেপি শাসিত রাজ্য পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমিয়ে দেয়। কিন্তু এখনও পর্যন্ত সে পথে হাঁটেনি পশ্চিমবঙ্গ।

এই বিষয় নিয়ে বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়। আন্দোলনের কথাও ভাবছেন তারা। আর এসবের মধ্যেই এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এই চিঠিতে কংগ্রেস নেতা লেখেন, “কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারগুলিও পেট্রোলিয়ামের উপর আরোপিত করে কাটছাঁট করার জন্য় উদ্যোগ নিয়েছে। কারণ সাধারণ মানুষের পক্ষে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানো সম্ভব নয়। জিনিসপত্রের দাম বৃদ্ধির জেরে অনেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন”।

এখানেই শেষ নয়। তিনি আরও লেখেন, “সেক্ষেত্রে আপনিও বহু পাবলিক প্লাটফর্মে এনিয়ে আওয়াজ তুলেছেন। কিন্তু জিনিসপত্রের দাম কমানোর জন্য আপনি জোরালো কিছু করেননি”।

কংগ্রেস পরিচালিত রাজ্য যে পেট্রোপণ্যের উপর থেকে ভ্যাট কমিয়েছে, তাও জানাতে ভোলেননি অধীর। তাঁর দাবী, “কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ইতিমধ্যে ভ্যাট কমিয়ে দিয়েছে পেট্রলের উপর থেকে, সেক্ষেত্রে বাংলার সরকার কেন সেই পথে হাঁটছে না? আপনার কাছে অনুরোধ রাজ্যে পেট্রল, ডিজেলের উপর থেকে রাজ্য কর কমিয়ে দিন, এতে জ্বালানি তেলের দাম অনেকটাই কমবে। ফাঁকা আওয়াজ না দিয়ে বাস্তবে পদক্ষেপ নিন”। কংগ্রেস নেতার এমন চিঠির বদলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী জবাব দেন, এখন সেটাই দেখার।

RELATED Articles