বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, লকডাউন ঘোষণা পশ্চিমবঙ্গের এই এলাকায়

উৎসবের মরশুমে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আরও বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মৃত্যু হয়েছে ১৩ জনের।

জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৮২৮ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কম।

এরু মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বেশ কিছু এলাকায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই কারণে সেখানকার দুটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল পুরসভার তরফে।

তবে এখনও মানুষের মধ্যে দেখা গিয়েছে সচেতনতার অভাব। রায়গঞ্জের বাজারে দেখা মিলেছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি। এই এলাকায় জারি হয়েছে আংশিক লকডাউন। বাজার-দোকান খোলা রয়েছে। তবে যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের সাম্প্রতিক কোভিড পরিসংখ্যান ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়, কলকাতায় সংক্রমণের হার সবথেকে বেশি। গত ২৪ ঘণ্টায় এখানে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২১৭ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫১ জন।

RELATED Articles