গতকাল, শুক্রবার করোনা সংক্রমণ ফের বাড়ল। একদিনে রাজ্যে খোঁজ মিলল ৮৭২ জন করোনা আক্রান্তের। সুস্থতার হার কিছুটা কমেছে বলে খবর।
উৎসবের মরশুমে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আরও বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মৃত্যু হয়েছে ১৩ জনের।
সূত্রের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৮২৮ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ৩১টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ৮,০৩১।
এ নিয়ে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কম। দৈনিক সংক্রমণের হার ছিল ২.১২ শতাংশ।
রাজ্যের সাম্প্রতিক কোভিড পরিসংখ্যান ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়, গতকাল, শুক্রবার রাজ্যে ৪১,১৯৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। কলকাতায় সংক্রমণের হার সবথেকে বেশি। গত ২৪ ঘণ্টায় এখানে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২১৭ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫১ জন।
দীপাবলির পর থেকেই রাজ্যে দৈনিক করোনায় সংক্রমণ ৮০০-এর উপরে। কিন্তু করোনা পরীক্ষার সংখ্যা বাড়ছে না। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দোষারোপ করা হচ্ছে। অন্যদিকে, বিশেষজ্ঞদের মত, পরীক্ষার সংখ্যা বাড়লে সংক্রমণের ছবি আরও ভয়ানক হতে পারে।





