খবর ২৪x৭ ব্যুরো ডেস্কঃ সোমবারই বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাতে ১২ জন সহ সভাপতির সঙ্গে রয়েছেন ৫ জন সাধারণ সম্পাদক ও ১০ জন সচিব। বদল করা হয়েছে দলের একাধিক শাখা সংগঠনের সভাপতিকেও। ২০২১ সালের নির্বাচনকে পাখির চোখ করেই এই রদবদল বলে দল সূত্রে জানা যাচ্ছে।

একঝলকে দেখে নেওয়া যাক কী কী রদবদল হল নতুন রাজ্য কমিটিতে।

নতুন কমিটিতে লকেট চট্টোপাধ্যায় কে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের দায়িত্ব। অগ্নিমিত্রা পাল কে মহিলা মোর্চার দায়িত্বে আনা হয়েছে। দলের যুব মোর্চার সভাপতি করা হয়েছে সৌমিত্র খাঁ কে। বিধানসভা নির্বাচনের আগে যুব মোর্চার আরও আগ্রাসী নেতৃত্ব প্রয়োজন। নইলে তৃণমূলের মতো দলকে রোখা মুশকিল। তাই তৃণমূলের আঁটঘাট জানা সৌমিত্রকে দায়িত্বে আনা হয়েছে। দলীয় সূত্রে এরকমটাই জানা যাচ্ছে।

এছাড়াও অগ্নিমিত্রা পল সময়ের সঙ্গে আরও ভাল কাজ করবেন বলে আশা করছে শীর্ষ নেতৃত্ব।

বিজেপির বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল বাংলায় থেকেও তারা বাঙ্গালিদের সঙ্গে ঠিকঠাকভাবে একাত্ম হতে পারছেন না। নতুন গড়া রাজ্য কমিটিতে যদি খুঁটিয়ে দেখা যায় তবে দেখা যাবে এখানে অবাঙালি মুখের সংখ্যা বেশ কম। হাতে গোনা কয়েকজন বাদ দিলে সবাই বাঙালি। অবাঙালি পার্টির তকমা ঝেড়ে বাঙালির বন্ধু হয়ে উঠতেই এই সিদ্ধান্ত বলে মত বিশেষজ্ঞদের। নতুন গড়ে ওঠা এই রাজ্য কমিটি ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপিকে সুবিধা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





