স্টেডিয়ামে হবে মমতার সভা, পিছল ফুটবল লিগের খেলা, বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূলের, শুরু রাজনৈতিক বিতর্ক

খেলার মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই কারণে লিগ তো পিছতেই হবে, এমনটাই মত তৃণমূলের রাজনীতিকদের। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ফুটবল লিগের খেলা চালু হয়ে গেলেও তা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি, ক্রীড়া পরিষদকে নির্দেশ দেওয়া হয় যাতে দ্রুত স্টেডিয়াম ছেড়ে দেওয়া হয়। এই নিয়েই শুরু রাজনৈতিক তরজা।

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ৬-১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। দার্জিলিংয়ের কার্শিয়াং থেকে সভা সফর শুরু হবে মুখ্যমন্ত্রীর আর তা শেষ হবে শিলিগুড়িতে। সেই শিলিগুড়িতে সভাকে ঘিরেই তৈরি হল তুমুল বিতর্ক।

খেলার আয়োজকরা জানাচ্ছেন, ওই মাঠে যেখানে মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা সেখানে শীতের মরশুমে লিগের ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখন মুখ্যমন্ত্রীর সভা কারণে খেলা বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে।

শুরু শাসক-বিরোধী তরজা

এই বিষয়ে শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, গা জোয়ারি চলছে। স্টেডিয়ামে কেন সভা করবেন মুখ্যমন্ত্রী? কেন লিগের খেলা বন্ধ হবে? তাঁর কথায়, “আমি নিজে ওই দিন ধর্নাতে বসব। জেলা বিজেপিকেও বলব আন্দোলনে নামুন। তাছাড়া এই ধরনের সভা খেলার মাঠে করে খেলা বন্ধই নয়, ওই মাঠ নষ্ট করা হচ্ছে”।

এই বিষয় নিয়ে বিজেপিকে জবাব দিতে গিয়ে আরও বিতর্কে জড়াল তৃণমূল। মেয়র গৌতম দেব বলেন, “স্টেডিয়াম মাঠের সংস্কার করে দেওয়া হবে। বিকল্প মাঠে খেলা হোক। বিজেপি বাড়াবাড়ি করলে ওদের মেরে হাত-পা ভেঙে দেব”। বিজেপিকে এমনভাবে হুঁশিয়ারি দেওয়ার জেরে বিতর্কের মাত্রা আরও ছড়াল।

RELATED Articles