১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

এবার করোনা আশঙ্কাতে স্থগিত হল উচ্চমাধ্যমিক। আর তিনদিন পরীক্ষা বাকি ছিল। কিন্তু করোনা প্রকোপ বাড়তে আর কোনো ঝুঁকি নিচ্ছে না রাজ্য সরকার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হচ্ছে। তার পর পরিস্থিতি খতিয়ে দেখে নতুন সূচি জানাবে শিক্ষা দফতর।

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। পরীক্ষা চলার কথা ছিল ২৭ মার্চ পর্যন্ত। ১৬ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও উচ্চমাধ্যমিক স্থগিত করা হয় নি। এতে ক্ষোভ জমেছিল পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেরই। বাতিল হচ্ছিল স্নাতক থেকে ইউপিএসসি সমস্ত পরীক্ষা। এবার স্থগিত করা হল উচ্চমাধ্যমিক।

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই সিদ্ধান্তের ফলে ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেল। পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ছিল ২৩ মার্চ। রসায়ন, অর্থনীতি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবী এবং ফরাসি— এই সমস্ত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৫ মার্চ। এবং ২৭ মার্চ যে বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল তা হল— স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। কবে এই পরীক্ষাগুলি হবে তা অবস্থা বুঝে ঠিক করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

RELATED Articles

Leave a Comment