‘কোনওদিন যে ডাক পাব, ভাবতেই পারিনি’, ৭ বছর পর যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু হল এসএসসি-তে

কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্য ৮৪২ জনের চাকরি বাতিল হয়েছে। এরপরই ওই শূন্য পদে যোগ্যদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ীই, আজ, বৃহস্পতিবার থেকে এসএসসি গ্রুপ সি-এর কাউন্সেলিং শুরু হল।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল চাকরিপ্রার্থীদের। আজ সকাল সাড়ে ১০টা থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরে কাউন্সেলিং শুরু হয়েছে। প্রথম দিন ডাক পড়েছে ইস্টার্ন জোনের তিন জেলা বীরভূম, হুগলি ও বর্ধমান থেকে মোট ১০০ জনকে।

২০১৬ সালে এসএসসি গ্রুপ সি-র নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। তা নিয়ে দীর্ঘদিন লড়াই চালিয়েছেন চাকরিপ্রার্থীরা। আদালতের দ্বারস্থ হন তারা। এই নিয়ে তদন্ত করতে গিয়ে ওএমআর শিটে বিকৃতির বিষয়টি সামনে আসে। প্রার্থীদের আসল প্রাপ্ত নম্বর ও কমিশনের সার্ভারের নম্বরের মধ্যে বিস্তর ফারাক দেখা যায়। এরপরই অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন কাউন্সেলিং এসে এক চাকরিপ্রার্থী জানান, “অবশেষে নিয়োগ হতে চলেছে। এর জন্য হাইকোর্ট তথা বিচারপতিকে ধন্যবাদ জানাই। অনেক দিন ধরে বঞ্চিত ছিলাম। কোনও দিন যে ডাক পাব ভাবিনি”। ২০১৭ সালে গ্রুপ সি-র যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই প্রার্থীরা।

ওএমআর শিটে কারচুপির বিষয়টি সামনে আসতেই ৮৪২ জনের চাকরি বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনেই এবার শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়েছে। চাকরিহারারা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখানে তাদের আবেদন ধোপে টেকে নি। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ।

RELATED Articles