‘১০০-১৫০ নয়, হাজার হাজার চাকরি বিক্রি করেছেন শুভেন্দু’, নিয়োগ দুর্নীতি বিতর্কের মাঝেই বিস্ফোরক অভিযোগ তৃণমূল যুবনেতার

নিয়োগ দুর্নীতি নিয়ে এখন গোটা রাজ্য উত্তাল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শাসক দলের নেতারা পাল্টা বিরোধীদের আক্রমণ করছেন। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কাঁথির তৃণমূল যুব নেতা তথা মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তাঁর দাবী, শুভেন্দু কয়েক হাজার চাকরি বিক্রি করেছেন।

কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন যে অন্তত ১৫০ জনকে চাকরি দিয়েছেন শুভেন্দু। আর তাদের মধ্যে চাকরিহারাদের তালিকায় ৫৫ জনের নাম রয়েছে। তৃণমূল নেতাদের এহেন মন্তব্যের জেরে কাঁথি আদালতে মামলা দায়ের করেছিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। তবে এই ঘটনার জেরে যে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে, তা বলাই বাহুল্য।

সুপ্রকাশ গিরির অভিযোগ, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিকে ৩ হাজার ৯০০ জনকে চাকরি দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “শুভেন্দু আদালতের রক্ষাকবচ পেতে পারেন। কিন্তু মানুষের আদালত তাঁকে ক্ষমা করবে না।”

শুভেন্দুকে কটাক্ষ করে সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “শাক দিয়ে কি মাছ ঢাকা যায়। গণতান্ত্রিক দেশে আইনি নোটিশ পাঠাতে পারেন। কাঁথির মানুষ-সহ এই এলাকার মানুষ জানেন? আমি তো বলবো ৫৫ জনের লিস্ট অনেকটাই কম। শুভেন্দু অধিকারী এই জেলায় হাজার হাজার চাকরি বিক্রি করেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি থেকে প্রাথমিক স্কুলের চাকরি। আমি চ্যালেঞ্জ করছি কাঁথি পুরসভায় বসে ৩৯০০ জনের চাকরি দিয়েছেন”।

এই বিষয় নিয়ে মুখ খুলেছেন কাঁথির বিজেপি সহ-সভাপতি অসীম মিশ্র। তিনি বলেন, “বিরোধী দলনেতার জনপ্রিয়তাকে ভয় পেয়ে গল্প ফাঁদছে শাসক দল”। তৃণমূল নেতার এহেন মন্তব্য নিয়ে শুভেন্দু বা অধিকারী পরিবারের কারোর কোনও প্রতিক্রিয়া আপাতত মেলেনি।

RELATED Articles