মহাষ্টমীর দিনটা একসঙ্গে কাটাবেন বলেই ঠিক করেছিলেন তারা। নতুন পোশাক পরে বেরিয়েওছিলেন ঠাকুর দেখতে। কিন্তু পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে, তা কে জানত! ঠাকুর আর দেখা হল না। একজন ঢলে পড়লেন মৃত্যুর কবলে আর অন্যজন লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। বাইক দুর্ঘটনার মুখে ওই যুগল।
পুলিশ সূত্রে খবর, আজ, রবিবার সকালে ফরতাবাদের বাসিন্দা রেশমি খাতুন ঠাকুর দেখতে বেরিয়েছিলেন প্রেমিকের সঙ্গে। কিন্তু বাইকেফ্র দুরন্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়েন তারা। পুলিশ সূত্রে খবর, কামালগাজি উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা খায় বাইকটি।
এর জেরে দু’জনেই বাইক থেকে উড়ালপুলে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর বাইকচালক ওই প্রেমিক যুবকটি আপাতত চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর দেখা যায় ওই ডিভাইডারে রক্ত লেগে রয়েছে। পুলিশ তা পরিষ্কার করায় পরে। দুর্ঘটনাস্থলে পড়ে ছিল হেডফোন, হেলমেট, গাড়ির নম্বর প্লেট, রক্তমাখা ওড়না। সেই সামগ্রীগুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনার জেরে উড়ালপুলে নজরদারি বাড়ানোর দাবী উঠেছে। নিত্যযাত্রীদের অভিযোগ, উড়ালপুলে অনেকেই বাইক নিয়ে রেস করে। দুরন্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





