তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যে বিতর্কে জড়িয়েছেন, তা নিয়ে তৃণমূল সেভাবে কোনও প্রতিক্রিয়া দেয় নি এখনও পর্যন্ত। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, মহুয়া ষড়যন্ত্রের শিকার। তিনি বেশি ভোকাল বলেই এমনটা হচ্ছে ওঁর সাথে।
দামী উপহার ও নগদ টাকার পরিবর্তে আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে সংসদে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র, এমনটাই অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ ছিল, শিল্পপতি দর্শন হীরানন্দানি ও মহুয়া মৈত্র মিলে গৌতম আদানি তথা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। এই নিয়ে লোকসভার স্পিকার ও লোকপালকে চিঠি দিয়ে বিজেপি সাংসদ এও দাবী করেন যে এর সমস্ত তথ্য তাঁর কাছে রয়েছে।
অন্যদিকে, বিজেপি সাংসদের এমন দাবী মেনেও নিয়েছেন শিল্পপতি দর্শন হীরানন্দানি। তিনি মহুয়া মৈত্রকে দামী উপহার, বিদেশে ঘোরার টিকিট সবই দিয়েছেন বলে জানান তিনি। মহুয়ার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু জয় অনন্ত দেহদ্রাইও এই একই অভিযোগ করেছেন। এর পাল্টা মহুয়া মানহানির মামলা করেছেন বিজেপি সাংসদ ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে।
মহুয়ার এই বিতর্ক সম্পর্কে এই আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, এই বিষয়ে দলের কিছুই বলার নেই। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, মহুয়া যে বিতর্কে জড়িয়েছেন, তা থেকে তাঁকেই উদ্ধার হতে হবে। দল এর কোনও দায় নেবে না।
এবার এই বিষয়ে ফিরহাদ হাকিম এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “মহুয়া নিজে যথেষ্ট সাবলীল এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য”। ফিরহাদের কথায়, “আমি মনে করি, মহুয়ার কণ্ঠরোধ করার জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মহুয়া যে হেতু ভোকাল বেশি তাই এ রকম করা হচ্ছে”।
তাঁর দাবী, মহুয়া যেহেতু বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তোলেন বলেই তাঁকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। ফিরহাদের প্রশ্ন, “প্রথম বার নরেন্দ্র মোদীর ভোট প্রচারের জন্য প্লেন, হেলিকপ্টার কারা দিয়েছিল? বিজেপি সাংসদের আদানিকে বাঁচানোর ব্যাপারে এত উৎসাহ কেন? নিশ্চিত ভাবে ডাল মে কুছ কালা হ্যায়”।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!