মা-বাবার জীবনে তো তাদের সন্তানই হয় তাদের সবথেকে মূল্যবান সম্পদ। কিন্তু কোনও মা-বাবা যে এমন ঘটনাও ঘটাতে পারে, তা কল্পনাতেও ভাবতে পারে নি পুলিশ। পেটের দায়ে সন্তান বিক্রি করার ঘটনা আগেও শোনা গিয়েছে কিন্তু নিজেদের শখ পূরণ করতে কোলের একরত্তিকে বেচে দেওয়ার ঘটনা বোধ ঘটেনি। আইফোন ১৪ কেনার জন্য আটমাসের শিশুকে মোটা টাকায় বিক্রি করলেন উত্তর ২৪ পরগণার এক দম্পতি।
কী অভিযোগ দম্পতির বিরুদ্ধে?
পুলিশ সূত্রে খবর, সাথী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জেরায় তিনি জানিয়েছেন যে তিনি প্রতিবেশী এক মহিলার কাছে নিজের সন্তানকে বিক্রি করেছেন। ওই মহিলার স্বামী জয়দেবকেও গ্রেফতার করেছে পুলিশ। জয়দেব জানিয়েছেন, তিনি নিজের সন্তানকে বিক্রি করে নতুন আইফোন ১৪ কিনেছেন।
ওই দম্পতি যে মহিলার কাছে সন্তান বিক্রি করেছেন, সেই মহিলাকেও গ্রেফতার করে পুলিশ। মহিলা জানান, বেশ ভালো টাকা দিয়েই ওই দম্পতির থেকে শিশু কিনেছেন তিনি। বেশ অনেকদিন ধরেই এই নিয়ে ওই দম্পতির সঙ্গে কথাবার্তা চলছিল। গত শনিবার মাঝরাতে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন বলে জানান ওই মহিলা।
কীভাবে সামনে এল এই ঘটনা?
ওই দম্পতির এক প্রতিবেশী এই ঘটনাটি পুলিশকে জানানোর পর সামনে আসে ঘটনাটি। ওই দম্পতির পাশের বাড়িতেই যারা থাকেন, তাদেরই প্রথমে সন্দেহ হয়। তারা পুলিশকে জানান, বেশ কয়েকদিন ধরেই তারা বাচ্চাটিকে দেখতে পাচ্ছিলেন না এমনকি বাচ্চার কান্নার আওয়াজও পাচ্ছিলেন না। আর ওদিকে আবার দম্পতির হাবভাবেও বেশ বদল আসে। নতুন আইফোন নিয়ে ঘুরছিলেন তারা, তা দেখে আরও সন্দেহ জাগে তাদের।
এক প্রতিবেশী মহিলা জানান, ওই দম্পতির প্রথম থেকেই অর্থাভাব ছিল। বাচ্চা হওয়ার পর আরও দুর্দশা হয় তাদের। কোনওরকমে টেনেটুনে চলছিল সংসার। তবে গত কয়েকদিন ধরে হঠাৎ হাবভাবে বদল আসে তাদের। নতুন পোশাক, হাতে নতুন আইফোন দেখে সন্দেহ করেন অনেকেই। তা দেখেই পুলিশে খবর দেন তারা।
কী জানাল ওই অভিযুক্ত দম্পতি?
পুলিশ জেরা করার সময় নির্বিকার ছিলেন ওই দম্পতি। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি নাকি জানিয়েছে, ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে চাইছিলেন তারা। সেই কারণে আইফোন কেনার জন্য নিজেদের কোলের সন্তানকে বিক্রি করে দেন তারা।





