একে তো করোনার ডেল্টা প্রজাতির কারণে গোটা বিশ্বের মানুষ সন্ত্রস্ত। এর উপর নতুন করে চোখ উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। আর এর জেরে আগেভাগেই সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা।
আজ, মঙ্গলবার নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টের কথা মাথায় রেখে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩০শে নভেম্বর পর্যন্ত যে বিধি জারি ছিল, তার মেয়াদই বাড়িয়ে ১৫ই ডিসেম্বর পর্যন্ত করা হল।
জানা গিয়েছে, রাজ্যে আপাত্ত যে সমস্ত বিধি জারি রয়েছে, তাই-ই বহাল থাকবে। রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত থাকবে নাইট কার্ফু। তবে স্বাস্থ্য, আইন ও বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় থাকবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো নানান বিষয়গুলি যাতে মানুষ অবলম্বন করে, তা এই নির্দেশিকায় আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে।





