অন্যান্য দিনের মতোই একটি ব্যস্ত দিন। মেমারি জি টি রোড ধরে ছুটছে সব গাড়ি। দাঁড়ানোর ফুরসত নেই কারোরই। এরই মধ্যে ঘটল এক ঘটনা। আচমকাই এক ভলভো বাস থেকে রাস্তায় পড়ে গেল একটি গরু। ব্যাপারটা কী হচ্ছে, তা জানতে বাস দাঁড় করিয়ে যাচাই করেন স্থানীয়রা। এরপরই সামনে আসে আসল সত্যি।
কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, আজ, শুক্রবার একটি ভলভো বাস বর্ধমানের মেমারির জি টি রোড ধরে যাচ্ছিল কলকাতার দিকে। ওই বাসে বিহারের নম্বর প্লেট ছিল বলে জানা গিয়েছে। মেমারি থানা থেকে কিছুটা দূরে বাসটি আচমকাই জোরে ব্রেক কষে। এর জেরে ঘটে যায় এক ঘটনা।
ওই বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় একটি গরু। তাতেই সন্দেশ হয় স্থানীয়দের। বাসের মধ্যে কী রয়েছে তা জানার জন্য বাসটিকে আটকান তারা। বাসের মধ্যে ঢুকে চোখ কপালে উঠে যায় সকলের। তারা দেখেন বাসের ভিতর বসার কোনও সিট নেই। স্লিপারের সঙ্গে গাদা গাদা গরু বাঁধা রয়েছে।
এমন দৃশ্য দেখার পরই শোরগোল পড়ে যায় এলাকায়। অবৈধভাবে গরু পাচার হচ্ছে, এমন সন্দেশ জাগে সকলের মনে। আটকে রাখা হয় বাসটিকে। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় জি টি রোডে। খবর দেওয়া হয় মেমারি থানায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে বাসের চালককে।
রাজু নামের ওই বাসের চালক দাবী করে, গরুগুলি একেবারেই চোরাইমাল নয়। সেসবের কাগজপত্র রয়েছে। সে জানায়, বিহার থেকে হুগলির পান্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলিকে। বাসের হেল্পার জানায়, আসানসোল থেকে পান্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। আর বৈধ কাগজপত্র থাকায় বাসটিকে ছেড়ে দেওয়া হয়। তবে এভাবে গাদাগাদি করে গবাদি পশুগুলোকে নিয়ে যাওয়ায় তাদের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।





