‘রাজনৈতিক আয়ু তো শেষ, তাই মাথা ঘুরছে, ধপ ধপ পড়ে যাচ্ছেন’, অসুস্থতা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

একে অপরকে শানাতে কখনই কসুর করেন না তারা। এবারও এর অন্যথা হল না। ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বৃহস্পতিবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে কপাল ফেটেছে মুখ্যমন্ত্রীর। কপালে ও নাকে স্টিচ পড়েছে। এবার এই নিয়ে তাঁকে খোঁচা দিলেন শুভেন্দু।

আজ, শুক্রবার খেজুরিতে মিছিল ও জনসভা করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে এই জনসভা করেন শুভেন্দু। এই জনসভা থেকেই মমতার অসুস্থতা নিয়ে কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, “তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই। বাজার খুব খারাপ। মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লো প্রেসার হচ্ছে। আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে। গদি থেকেও পড়া শুরু হয়ে যাবে”।

এখানেই শেষ নয়। এদিন শুভেন্দুর রোপ থেকে বাদ পড়েন নি পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিকরা। তাদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “এই পুলিশ আধিকারিকদের নাম ল্যাপটপে লিখে রেখেছি। এরা যেন মনে রাখে, বিজেপির জমানায় এদের ২০ বছর চাকরি করতে হবে”।

এরপরই শুভেন্দু আক্রমণ শানান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে। বলেন, “ওটা একটা মিচকে শয়তান। নিজে ক্যামেরার সামনে আসে না। ভাইপো ওর সঙ্গে কথা বলে না। ও চলে ভাইপোর আপ্ত সহায়কের নির্দেশে”।

প্রসঙ্গত, খেজুরিতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জন কর্মীকে বহিষ্কারও করেছে বিজেপি। এই ঘটনায় বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। সেই প্রতিবাদেই এদিন এই সভা করেন বিরোধী দলনেতা।

RELATED Articles