‘যে কোনওদিন বিজেপিতে যোগ দিতে পারেন সায়নী, তৃণমূল-বিজেপির গোডাউন কিন্তু একটাই’, বিরোধীদের চাঁচাছোলা আক্রমণ সৃজনের

Srijan Bhattacharya attacked Saayoni Ghosh: লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানান কেন্দ্রের প্রার্থীদের একে অপরকে শানানো, ধমকানোর ঝাঁঝ আরও বাড়ছে। কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। কারোর দিক থেকে কোনও কমতি পেলেই, সেটা নিয়ে আক্রমণের সুযোগ ছাড়তে চান না কেউই। এবার সায়নী ঘোষকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শানালেন সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya attacked Saayoni Ghosh)

যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। আর সিপিএমের হয়ে সেই কেন্দ্র থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য। দুই প্রার্থীই নিয়ম মতো এখন ভোট প্রচারে ব্যস্ত। এমন আবহে যে একে অপরকে তোপ দাগবেন, তা বেশ স্বাভাবিক। দু’দিন আগেই সৃজন সম্পর্কে সায়নী বলেছিলেন, সৃজন হয়ত বিশ্রাম নিচ্ছেন। আসলে প্রচারের ময়দানে সিপিএম প্রার্থীকে না দেখেই এমন মন্তব্য ছিল তাঁর।

আর এবার সায়নীকে পাল্টা দিলেন সৃজন। আজ, শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রচারে যান সৃজন ভট্টাচার্য। সেখান থেকেই সায়নীকে পাল্টা আক্রমণ করেন তিনি (Srijan Bhattacharya attacked Saayoni Ghosh)। তাঁর কথায়, বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী তৃণমূলই। তিনি বলেন, অর্জুন সিং থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয় এদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

সৃজনের খোঁচা, বিজেপির যে কেউ যে কোনও দিন তৃণমূলে চলে যেতে পারে আবার তৃণমূল থেকেও যে কেউ যে কোনও দিন বিজেপিতে যোগ দিতে পারেন। সায়নীর নাম ধরেও এমনটাই বলেন সৃজন। তিনিও যে কোনওদিন ফুল বদলাতে পারেন বলেই মন্তব্য সিপিএম প্রার্থীর (Srijan Bhattacharya attacked Saayoni Ghosh)। সৃজনের কথায়, তৃণমূল-বিজেপির গোডাউন এক, শুধু শোরুম আলাদা।

প্রসঙ্গত, এদিন ৩২ নম্বর ওয়ার্ডের নানান জায়গায় জনসংযোগ করেন সৃজন। সৌজন্য সাক্ষাৎ সারেন ওই ওয়ার্ডের পৌরপিতা বরুন সরকারের সঙ্গেও। আবার গতকাল, শুক্রবার বিকেলেই ওই পুরসভারই ৩৫ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সায়নী ঘোষ। সেখান থেকে মেলাতেও যান তিনি। আবার হনুমান মন্দিরে পুজো দিয়ে হনুমান চল্লিশা পাঠ করতেও দেখা যায় তাঁকে। কোনও প্রার্থীই যে প্রচারে কোনও খামতি রাখছেন না, তা বেশ স্পষ্ট। কিন্তু এত কিছুর মধ্যে কিন্তু যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাচ্ছে না সেভাবে প্রচারে।

RELATED Articles