ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল বামেরা। গতকাল, শুক্রবার বিবৃতি জারি করে একরকম ঘুরিয়ে রাশিয়াকেই সমর্থন করল সিপিএম।
এই বিবৃতিতে বামেরা লেখে, “নিরাপত্তার সংকটের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যদিও এই আক্রমণ অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক”। এর পাশাপাশি তারা আরও লেখে, “রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ নিয়ে সিপিএম গভীর উদ্বিগ্ন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যেভাবে সামরিক পদক্ষেপ নিচ্ছে সেটা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো হোক”।
একরকম ঘুরিয়েই রাশিয়াকেই সমর্থন করে বামেদের বিবৃতিতে আরও লেখা হয়, “আমেরিকা এবং ন্যাটোর বেশ কিছু পদক্ষেপ রাশিয়াকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সোভিয়েতের পতনের পর আমেরিকার মদতে ন্যাটো পূর্ব ইউরোপে ধীরে ধীরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইউক্রেনকেও যেভানে ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক। ন্যাটো যেভাবে পূর্ব ইউরোপ এলাকায় বাহিনী এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করছিল, তা নিয়েও উদ্বিগ্ন রাশিয়া। সুতরাং রাশিয়া প্রথম নিরাপত্তার দাবি করেছে। সেটা পুরোপুরি বৈধ”।
বলে রাখি, এদিন সকালে বিজেপি বিধাওকন অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বামেদের উদ্দেশে প্রশ্ন করেন যে রাশিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বামেতা কবে পথে নামবে?
সোশ্যাল মিডিয়ার পোস্টে অগ্নিমিত্রা লেখেন, “এতো বড়ো বিষয়। বঙ্গ সিপিএম চুপ। চুপ বললে কম বলা হয়। বঙ্গ সিপিএম পথহারা। কলকাতার পথে মিছিল নেই, রাশিয়ান সাম্রাজ্যবাদের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অবাক কাণ্ড। গণশক্তিতে গা গরম করা লেখা নেই। দলের নেতাদের বিবৃতি নেই। ঘটনা যদি অন্যদেশে হতো, সকাল থেকে ছো চোঙা ফোকা শুরু হয়ে যেত”।
বিজেপি নেত্রী সংযোজন, “কতবার কলকাতার বুকে সিপিএম এর সাম্রাজ্যবাদী মিছিল হয়েছে। কলকাতার মাটি থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। এবার একবার দেখব না আমরা? কী দেখবো না”। এর কিছুক্ষণ পরই সিপিএমের তরফে এমন বিবৃতি প্রকাশ করা হয়।a





