দলীয় কার্যালয়ের মধ্যেই পড়েছিল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার ওই কর্মীর দেহ। মৃতের পরিবারের দাবী, এটি আসলে রাজনৈতিক খুন। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে ওই বিজেপি কর্মীকে, এমনটাই দাবী। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার উস্তি এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই বিজেপি কর্মীর নাম পৃথ্বীরাজ নস্কর। তিনি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন বলে খবর। মৃত ব্যক্তির পরিবার সূত্রে খবর, গত ৪ নভেম্বর থেকেই নিখোঁজ ছিলেন বিজেপি কর্মী। বাড়ি না ফেরায় ৭ তারিখ উস্তি থানায় অভিযোগ দায়ের করেন পরিবার।
এরপর গতকাল, শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের দ্বীপের মোড় বাসস্ট্যান্ডের কাছে দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। জানা গিয়েছে, বিজেপির এই কার্যালয় মৃত বিজেপি কর্মীর বাড়ির এক কিলোমিটারের মধ্যেই। গত চারদিন ধরেই তালাবন্ধ ছিল ওই দলীয় কার্যালয়।
পরিবার সূত্রে খবর, তাদের সন্দেহ হওয়ায় দলীয় কার্যালয়ের জানলা দিয়ে দেখেন যে ভিতরে কেউ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় উস্তি থানায়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই দলীয় কার্যালয় থেকে উদ্ধার করে পৃথ্বীরাজের দেহ। জানা গিয়েছে, বিবস্ত্র অবস্থায় পড়ে ছিলেন ওই বিজেপি কর্মী। তাঁর পোশাক পড়েছিল পাশেই। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
মৃত বিজেপি কর্মীর বাবা জানাচ্ছেন, তাঁর ছেলে বিজেপির মথুরাপুর মিডিয়া সেলের কনভেনার ও দলের সক্রিয় কর্মী ছিলেন। সেই কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁর ছেলেকে। কিছুদিন আগেই আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ করায় তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে হুমকি দিয়েছিল বিজেপি কর্মীকে, এমনটাই অভিযোগ। সেই কাণ্ডের প্রেক্ষিতেই এই মৃত্যু কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ সকাল সকাল ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলায়, ছিটকে গেল তিনটি বগি, ব্যাহত ট্রেন পরিষেবা
তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের আবার পাল্টা দাবী, লোকসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা প্রচুর টাকা সরিয়েছেন। সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গোলমাল চলছিল তারা। সেই অন্তর্দ্বন্দ্ব থেকেই এই খুন বলে দাবী ঘাসফুল শিবিরের।





