আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যখন চারিদিক উত্তাল, সেই সময় দাঁড়িয়ে আনন্দপুর থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার রক্তাক্ত দেহ। এবার মিলল সেই মহিলার পাঁচ বছরের শিশুপুত্রের দেহও। এই ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি।
আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এমন আবহে গতকাল, বুধবার আনন্দপুরে এক ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি। এদিন ভোর ৬টা নাগাদ স্থানীয় কয়েকজনের চোখে পড়ে সেই মহিলার মৃতদেহ। তাঁর শরীরের নানান জায়গায় আঘাত ছিল। প্রশ্ন উঠেছিল, এই মহিলাকেও কী ধর্ষণ করে খুন করা হয়েছে!
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই মহিলাকে ওই জায়গাতেই খুন করা হয়েছে নাকি মারার পর ওই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। জানা গিয়েছিল, ওই মহিলা নারকেলডাঙার বাসিন্দা। এই ঘটনায় এক ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ, ওই চালকের বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছিল।
তবে মহিলার দেহ উদ্ধারের পর থেকেই তাঁর শিশুপুত্রের খোঁজ মিলছিল না। অভিযুক্তকে গ্রেফতার করার পরও কোনও হদিশ মেলেনি মহিলার পাঁচ বছরের শিশুপুত্রের। তবে আজ বৃহস্পতিবার আনন্দপুর খাল থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মায়ের সঙ্গে গাড়িতেই ছিল সে। গাড়ির মধ্যেই মহিলা ও ওই শিশুকে খুন করা হয়।
আরও পড়ুনঃ বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের বাধা, শুভেন্দু অধিকারীকে আটক করল পুলিশ, অভিযানকে ঘিরে তুলকালাম
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নারকেলডাঙার বাসিন্দা। তিলজলাতেও একটি বাড়ি রয়েছে তাঁর। একটি ট্যাক্সিতে করেই নারকেলডাঙা থেকে তিলজলার বাড়িতে যাতায়াত করতেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। এরপর বুধবার সকালে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ।





