সন্দেশখালি নিয়ে উত্তেজনার অন্ত নেই। গতকাল, বুধবারই সেখানে গিয়েছেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। আজ, বৃহস্পতিবারও সকাল হতে না হতেই ধামাখালিতে যান তিনি এলাকা পরিদর্শনে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজীব কুমার। কী বললেন ডিজিপি?
গত দেড় মাস ধরে ফেরার সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। তাঁর দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতার করা হলেও এখনও পুলিশ গ্রেফতার করতে পারে নি শাহজাহানকে। এ নিয়ে বারবার মুখ খুলেছে বিরোধীরা। সন্দেশখালির মহিলারা শাহজাহান, উত্তম ও শিবুদের বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নি, শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছেন।
এরই মধ্যে আবার এক মহিলা গোপন উত্তম ও শিবুদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টার অভিযোগ করেন। গ্রেফতার করা হয়েছে উত্তম ও শিবুকে। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে ধ’র্ষ’ণ, ইডির উপর হামলার মামলা এমনকি, রেশন দুর্নীতির অভিযোগ থাকলেও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
আদৌ কী গ্রেফতার করা হবে শাহজাহানকে?
এর আগে গঙ্গাসাগর মেলা চলাকালীন শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজীব কুমার বলেছিলেন, “যেই আইন ভেঙে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে”। আর এবারও সন্দেশখালি গিয়েও সেই একই সুর শোনা গেল তাঁর মুখে।
এদিন সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজীব কুমার বলেন, “আমি ফোর্সের সঙ্গে কথা বলেছি। এখানকার মানুষের যদি কোনও অভিযোগ থাকে তাঁরা যেন পুলিশের সঙ্গে এসে কথা বলেন। আমার আর্জি আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন”।
শাহজাহান কবে গ্রেফতার হবেন? এ প্রসঙ্গে রাজীব জানান, “যারা যারা আইন ভেঙেছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে”। অর্থাৎ শাহজাহানকে কবে গ্রেফতার করা হতে পারে বা এর জন্য পুলিশ আদৌ কোনও উদ্যোগ নিচ্ছে কী না, সে সম্পর্কে খোলাখুলি কিছুই বললেন না রাজীব কুমার।
কী প্রতিক্রিয়া বিরোধীদের?
রাজীব কুমারের এহেন মন্তব্যের পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “কই কথা বললেন। আগে কলকাতায় বলেছিলেন। এখন সন্দেশখালি নিয়ে বললেন। দেড় মাস লেগে গেল সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তাহলে ব্যবস্থা নিতে কে বাধা দিচ্ছে? সবাই তো জানে শাহজাহান এলাকায় আছে। তাও কেন গ্রেফতার হচ্ছে না? এতদিন শিবুকে গ্রেফতার করা যাচ্ছিল না। যেই মুহূর্তে সরকার গ’ণ’ধ’র্ষ’ণের মামলা রুজু করার কথা সরকার জানাল তার ১০ মিনিটের মধ্যে গ্রেফতার হয়ে গেল”।
এই প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বললেন, “রাজীব কুমার প্রকৃত ভদ্রলোক। উনি যে কথা দেড় মাস আগে বলেছিলেন সেই কথা আজ আবার বলে প্রমাণ করলেন ভদ্রলোকের এক কথা। তবে প্রশ্ন হচ্ছে পুলিশের নিরাপত্তাতেই তো শাহজাহান রয়েছেন। কবে তাঁকে সামনে আনবেন”?





