গতকাল, বুধবার দিল্লিতে ইডির অফিসে নির্দেশ মতোই হাজিরা দিয়েছিলেন তৃণমূল তারকা সাংসদ দেব। প্রায় আট ঘণ্টা জেরা চলে তাঁর। এরপর হাসিমুখেই ইডির অফিস থেকে বেরন সাংসদ। ইডির প্রশংসাও শোনা গেল এদিন তাঁর মুখে।
জেরা প্রসঙ্গে কী জানালেন দেব?
গতকাল, বুধবারই দিল্লি থেকে কলকাতা ফেরেন দেব। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। হাসিমুখেই দেখা যায় এদিন তাঁকে। তিনি স্পষ্ট জানান, তিনি নির্ভয়েই গিয়েছিলেন দিল্লি। তাঁর কথায়, “আমার কোনও ভয় আগেও ছিল না। এখনও নেই। যাঁরা সৎ হয় তাঁদের ভয় থাকে না”।
আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেবকে। সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বললেন, “আপনাদের কাছে মনে হচ্ছে আট ঘণ্টা অনেক জেরা হয়েছে। তবে দে আর ভেরি সুইট। দিল্লিতে এটা আমার দ্বিতীয়বার, ওরা খুব ভদ্রভাবে ব্যবহার করেন, তোমরা যেভাবে দেখাও একেবারেই সেরকম নয়। আট ঘণ্টা ধরে মোটেই জিজ্ঞাসাবাদ চলে না”।
দেব এটাও স্পষ্ট করে দিয়েছেন, “এনামূলকে নিয়ে আমায় কোনও প্রশ্ন করা হয়নি। তবে কী কারণে ডাকা হচ্ছে সেটা আমার জানা নেই। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি”।
প্রসঙ্গত, গতকাল, বুধবার দিল্লিতে ইডির অফিসে তলব করা হয়েছিল তৃণমূল তারকা সাংসদকে। সেই নির্দেশ অনুযায়ীই নির্ধারিত সময়মতোই ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। ১১টা নাগাদ পৌঁছে গিয়েছিলেন ইডির অফিসে। এর আগে কলকাতার সিবিআই অফিসে তলব করা হয়েছিল দেবকে। গরু পাচার মামলায় এনামুল হকের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ উঠেছিল সেই সময়। তখনও হাজিরা দিয়েছিলেন দেব। তবে এনামুল সম্পর্কে সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছিলেন তিনি।





