হাওড়ার বেলিলিয়াস রোডের ঘটনায় বদলি হলেন হাওড়ার পুর কমিশনার

করোনার জেরে দেশব্যাপী চলছে লকডাউন। রাজ্যেও চলছে কড়া নিরাপত্তা। রাজ্যের অতি স্পর্শকাতর এলকাগুলিকে চিহ্নিত করে ফেলেছে প্রশাসন। এবার সেগুলিকে সিল করার কাজ চলছে। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার লকডাউন ভেঙে হাওড়ার টিকিয়াপাড়ায় জড়ো হয় অনেক লোক। মুহূর্তের মধ্যে ঘটনার জেরে উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনার ফলস্বরূপ সরানো হলো হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণা। মঙ্গলবার গভীর রাতে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, আপাতত পুর কমিশনারের দায়িত্ব নেবেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন।

মঙ্গলবার দুপুরে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশের টহলদারি শুরু হয়। তখনও পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু বিকেলের দিকে হঠাৎই লকডাউন না মেনে প্রচুর মানুষ রাস্তায় ভিড় করেন। পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ঘটনাস্থলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা এবং পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয়। দু’জন পুলিশকর্মীও গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামে বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ। রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয় যে অভিযুক্তরা শাস্তি পাবেই। রাত থেকেই এলাকায় শুরু হয় ধরপাকড়।

এরপর সেই রাতেই রাজ্যের তরফে নোটিশ জারি করে বদলি করা হয় পুর-কমিশনারকে। যদিও বিরোধীদের কথায়, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুর কমিশনারের নয়। তাই এই ঘটনার জন্য তাঁকে বদলি করাটা অনৈতিক।

RELATED Articles

Leave a Comment