কলেজ , বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বা প্রফেসরদের হেনস্থা প্রায় খবরের শিরোনামে দেখা যায়। কিন্তু স্কুল পড়ুয়া অকৃতকার্য হওয়ায় শিক্ষকের গায়ে হাত! এঘটনা সত্যি বিরল। গ্রেফতার করা হ’ল পড়ুয়াকে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার হাই স্কুলে। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারেনি এক ছাত্র। পড়ুয়া ক্ষুব্ধ হয়ে বেধড়ক মারধর করেন শিক্ষককে। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ইজাজ আহমেদ মোল্লা ডায়মন্ড হারবারে বাশুলডাঙার বাসিন্দা। সে একদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র। সম্প্রতি তার একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষার রেজাল্ট বেরোয়। সেখানে দেখা যায় সে ৬টি বিষয়েই অকৃতকার্য হয়। গত মঙ্গলবার সে পাশ করানোর দাবি নিয়ে স্কুলের শিক্ষক পুলক গোরার সঙ্গেও তর্কাতর্কি শুরু করে। তারপর সেই ছাত্র শিক্ষকের উপর চড়াও হয়। এমনকি বেধড়ক মারধর করে শিক্ষককে।
স্কুলের অন্যান্য শিক্ষকরা প্রহূত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় দারুন উত্তেজনা ছড়ালে ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযুক্ত ছাত্রকে ধরে নিয়ে যায়। রাতে স্কুল কর্তৃপক্ষের তরফে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে পুলিশ তাকে গ্রেফতার করে।





