এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে শেখ শাহজাহান নামটা বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আপাতত ইডির হেফাজতে রয়েছেন সন্দেশখালির ‘বাঘ’। তৃণমূল তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, তৃণমূলই শাহজাহানকে ফাঁসিয়েছে।
সন্দেশখালির মামলা আগে থেকেই তদন্ত করছিল ইডি। সম্প্রতি আদালতের নির্দেশে এই মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই-ও। আদালতের এই রায় নিয়ে মোটেই খুশি নন তৃণমূল নেতারা। এই রায়ের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন তারা। তবে ধৃত শাহজাহান কিন্তু ভোল বদলে বলেছেন, সিবিআই তদন্ত করলে খুব ভালো হবে।
এবার এই নিয়ে তৃণমূলকেই কটাক্ষ করলেন বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, তৃণমূলই ফাঁসিয়েছে শেখ শাহজাহানকে। যতটা পেরেছে তাঁর সুযোগ নিয়েছে, আর তারপর দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছে। দিলীপের কথায়, “তৃণমূল ওঁকে ফাঁসিয়েছে। ভোট করিয়ে, টাকা তুলিয়ে এখন ফাঁসিয়ে দিয়েছে। আল্লার হাতে ছেড়ে দিয়েছে শাহজাহানকে”।
দিলীপ (Dilip Ghosh) এও দাবী করেন, প্রায় ২ মাস ধরে পালিয়ে বেঁচেছিলেন শাহজাহান। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল তাঁকে বাঁচাতে পারে নি। এখন শাহজাহানের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে বলে তাঁর থেকে মুখ সরিয়ে নিয়েছে তৃণমূল, এমনটাই দাবী দিলীপের।
শাহজাহানের কথা বলতে গিয়ে বিজেপি প্রার্থী (Dilip Ghosh) বলেন, “বেচারা সারা জীবনেও জেল থেকে বেরবে না। কিন্তু ও একা কেন ফাঁসবে? যারা যারা দুর্নীতিতে জড়িত সবাইকে জেলে যেতে হবে। শাহজাহান নিজেই এখন সিবিআই-ইডি চাইছে”।
প্রসঙ্গত, গত শুক্রবার শেখ শাহজাহানকে যখন ইডি দফতর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহজাহান বলেছিলেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। কে ষড়যন্ত্র করছে, এই প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, ‘বিজেপি দালাল’। কিন্তু গত রবিবার যখন ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শাহজাহানকে, সেই সময় আবার ভোল বদলে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই”। আবার সন্দেশখালির মামলায় সিবিআই তদন্তের রায়েও বেশ খুশি শাহজাহান।






