‘ওর কথার কী জবাব দেব, ও তো রিজেক্টেড মাল’, ফের বাবুলকে সরাসরি কটাক্ষ দিলীপের

বিজেপি নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সতর্ক করার পরই তাঁকে টুইটারে আক্রমণ করেছিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এবার বাবুলকে পাল্টা আক্রমণ শানালেন দিলীপ। বললেন, বাবুলের কথার কোনও জবাব দিতে চান তিনি কারণ ‘বাবুল রিজেক্টেড মাল’।

বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, সেই সময় দিলীপ ঘোষের সঙ্গে যে তাঁর একটা ঠাণ্ডা লড়াই হামেশাই চলত, তা কারোরই অজানা নয়। বাবুল তৃণমূলে যাওয়ার পরও সেই ধারা অব্যাহত রয়েছে। গতকাল, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিলীপ ঘোষকে সেন্সর করার পর বাবুল টুইট করে লেখেন, “দিলীপ ঘোষ ভার্বাল ডায়ারিয়ার রোগী। তাঁর কোনও লজ্জাও নেই, চিকিৎসাও নেই”।

শুধু তাই-ই নয়, দিলীপবাবু প্রতিদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে যে নানান বিষয়ে নানান মন্তব্য করেন।, সেই মন্তব্যকে ‘বাণীর প্রাতঃকৃত্য’ বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা। এরপর আজ, বুধবার এই বিষয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে, তিনি প্রথমের দিকে কিছু বলতে চান নি।

তবে পরে বাবুলকে তোপ দেগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “জাতীয় লিগের খেলা ছেড়ে উনি এখন স্থানীয় লিগে খেলতে এসেছেন। বাবুল রিজেক্টেড মাল। ওর কথার কী জবাব দেব”।

গত শনিবারই দিলীপ ঘোষ বলেছিলেন যে শিল্পীরা রাজনীতিতে ফিট করেন না। সেই মন্তব্যের জবাব দিয়ে বাবুল সুপ্রিয় টুইটে লেখেন, “খড়গপুরে ২০২৪ সালে জিততে পারলে আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করবেন দিলীপবাবু”।

বলে রাখি, সংবাদমাধ্যমে নানান ধরণের উস্কানিমূলক মন্তব্য করার জেরে গতকালই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিলীপ ঘোষকে সেন্সর করা হয়েছে। তাঁকে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে বারণ করা হয়েছে। মুখে লাগাম দেওয়ার কথা বলা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তরফে। তবে এই সেন্সরের পরদিনই বাবুলকে কটাক্ষ করে বসলেন দিলীপ ঘোষ।

RELATED Articles

Leave a Comment