‘মোদীজির টাকায় ফুটানি মারবেন, হেলিকপ্টার চড়ে ঘুরবেন, কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালাবেন’, মমতাকে তীব্র তোপ দিলীপের

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দাবী তুলেছেন যে কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে আর কেন্দ্র সেই টাকা মেটাচ্ছে না। এই নিয়ে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রসঙ্গ টেনেই মমতা সরকারকে বেলাগাম আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

আজ, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, “দিল্লির কাছে আমিও জানতে চাইছি ৯৭ হাজার কোটি টাকার হিসেব এল কোথা থেকে? ৪৩ হাজার কোটি টাকা আমফান-সহ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা নয় বোঝা গেল৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়ে যে খরচ করেছেন সেই খরচ দাবী করছেন সেই হিসেবে”?

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “পার্টির লোককে সরকারি পয়সায় পুষবে আর সেই টাকা দিল্লি দেবে? কেন? অন্য রাজ্য তো কান্নাকাটি করে না, কেন টাকা নেই টাকা নেই বলে। এসব দাবী খালি এই রাজ্যে। সবসময় মোদিজীর টাকায় ফুটানি মারবেন, আর দিল্লির প্রকল্প নিজের নামে চালাবেন। বাংলার মানুষ কি বুঝতে পারেনা এসব”।

এর পাশাপাশি বাংলার আইনশৃঙ্খলা ও শাসন ব্যবস্থা নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তাঁর কথায়, “বাংলা অপরাধীদের নিরাপদ আশ্রয়। বাংলাদেশে অপরাধ করে এসে এখানে আশ্রয় নিচ্ছে। দেশের সর্বত্র অপরাধ করে এসে বাংলায় লুকোচ্ছে। এটা একটা টেরোরিস্টদের হাব হয়ে গেছে। সমাজ বিরোধী এবং গুন্ডাদের হাব বাংলা। এখানকার সরকার কতটা অকর্মণ্য তা এর থেকেই প্রমাণ হচ্ছে। কোনো খুন হলেই বিজেপির হাত দেখেন। এখন নিজেদের পার্টির লোক নিজেদের মারছে। প্রত্যেক এমএলএ এমপি নিজেদের নেতারাই আতঙ্কে ভুগছেন। পার্টির মধ্যে লুটপাট হচ্ছে”।

এদিন দিলীপ ঘোষ দাবী করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ১১ বছর ধরে পুলিশ মন্ত্রী থাকার কারণে তাঁর লজ্জা পাওয়া উচিত। বিজেপি নেতার এমন ধারালো মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি।

RELATED Articles