নতুন ঠিকানা পেল তৃণমূল, অক্ষয় তৃতীয়ার দিনই হবে ঘাসফুল শিবিরের নতুন পার্টি অফিসের উদ্বোধন

বেশ কিছুদিন আগেই বাইপাসের ধারে তৃণমূল ভবনটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে কার্যত কোনও স্থায়ী পার্টি অফিস তৃণমূলের ছিল না বলাই চলে। তবে এবার তৃণমূল পেল নতুন ঠিকানা। জানা যাচ্ছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অক্ষয় তৃতীয়ার দিনই বাংলার শাসকদলের নতুন এই ঠিকানার উদ্বোধন ঘটবে।

বাইপাসে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার পর থেকেই দলের যাবতীয় যা গুরুত্বপূর্ণ বৈঠক সবই হত কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। ফিরহাদ হাকিমকে আগেই একটি অস্থায়ী পার্টি অফিস খোঁজার দায়িত্ব দিয়েছিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাওয়া গেল সেই বাড়ি।

জানা গিয়েছে, নতুন এই বাড়িটি দলের নেতানেত্রীদের বেশ মনে ধরেছে। এই কারণে এই বাড়িটিকেই আপাতত স্থায়ী পার্টি অফিস করতে চলেছে তৃণমূল। আগামী অক্ষয় তৃতীয়ার দিনই এই পার্টি অফিসের উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে চিংড়িহাটার মোড়ের বাঁদিকে বাইপাস ধাবার পাশের একটি বহুতল বাড়িকেই ভাড়া নেওয়া হয়েছে তৃণমূলের নতুন পার্টি অফিস হিসেবে। এতদিন পর্যন্ত এও বাড়িটি মূলত হোটেল ও গেস্ট হাউস হিসেবেই ব্যবহার করা হত।

বাইপাসের ধারে বিগত ২০ বছর ধরে ছিল তৃণমূলের পার্টি অফিসটি। তবে সেই পার্টি অফিস বড় করার জন্য সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ২০২১ সালে পার্টি অফিসটি ভেঙে ফেলা হয়। তবে নতুন করে সেই পার্টি অফিস তৈরি এখনও হয়নি বলে খবর। এই পরিস্থিতিতে এবার নতুন সেই পার্টি অফিস তৈরির আগেই এই বাড়িটিতেই চলবে দলীয় বৈঠক ও নানান মিটিং।

এই বাড়িটিকেও বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ১৫ হাজার স্কোয়ার ফুটের এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বসার ঘর ও রিসেপশন। নানান ফ্লোরে শীর্ষ নেতাতের জন্য রয়েছে ঘর, কেবিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রয়েছে বিশেষ ঘর। রয়েছে প্রেস কনফারেন্স রুম, হল ঘর সবই। জানা গিয়েছে, অস্থায়ী অফিসে উদ্বোধন ঘিরে থাকবে এলাহি আয়োজন। হবে পুজো, খাওয়া দাওয়া। আর পুজো করবেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

RELATED Articles