‘ওনার তো ভিক্ষা দেওয়া আর কিনে নেওয়ার অভ্যাস’ হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

এমনিতে তিনি বারবারই শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাতে কোনও কসুর করেন না। এবার মুখ্যমন্ত্রীর মালবাজার সফরকে নিয়ে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ভিক্ষা দেওয়া আর কিনে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস। তিনি কোনওদিন সমস্যার গভীরে যান না।
কলকাতায় থাকলে প্রায় প্রতিদিনই ইকো পার্কে প্রাতঃভ্রমনে যান বিজেপি সংসদ দিলীপ ঘোষ। সেখান থেকেই রাজ্যের নানান বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। আজ, সোমবারও এর কোনও অন্যথা হলো না। এদিন ইকোপার্কে গিয়ে মুখ্যমন্ত্রীর মালবাজারের সফরকে কটাক্ষ করলেন তিনি। এই সফরে হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই বিষয় দিলীপ ঘোষ বলেন, “উনি ক্ষতিপুরণ দিয়েছেন। কিন্তু আবার যাতে এরকম বিপর্যয় না হয়, সেটা দেখা ওনার কাজ। জীবনহানি হল, উনি কিছু টাকা দিয়ে দিলেন। এই ভিক্ষা দেওয়ার, কিনে নেওয়ার অভ্যাস আছে ওনার। কিন্তু সমস্যার গভীরে যান না। সমাধান করেন না”।
শুধু তাই-ই নয়, এদিন মেট্রোর কাজের জন্য বউবাজারের বাড়িতে ফাটলের ঘটনাতেও মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, “মেট্রো নিয়ে চলছে। বউবাজারে তিনবার বিপর্যয় হল। মানুষ ভয়ে আছে। সেটা সমাধানের কোনও চেষ্টা নেই। একে-তাকে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা। এই লোকগুলো তো ওনাকে ভোট দিয়েছেন। এটা উনি বোঝেন না। বুঝলেও কিছু করেন না। এটাই ওনার আনন্দ”।
বলে রাখি, আজ, সোমবার মালবাজারের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, মঙ্গলবার তিনি হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর প্রশাসনিক বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে, এরপর বুধবার, ১৯শে অক্টোবর শিলিগুড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে বিজয়া সম্মিলনীতে যোগ দিতে পারেন তিনি, এমনটাই আপাতত জানা গিয়েছে।

RELATED Articles