তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দলের গোষ্ঠীকোন্দল তাও আবার খাস কলকাতাতে। বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ না পেয়ে ফের একবার তৃণমূলের অন্দরে ক্ষোভের বহিঃপ্রকাশ। গতকাল, রবিবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলেরই কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। ভেস্তে যায় অনুষ্ঠান। এই ঘটনার জন্য তৃণমূলের দুই গোষ্ঠীকে সতর্ক করা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার কলকাতার ৬৮ নং ওয়ার্ডে ফার্ন রোডে তৃণমূলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে তৃণমূলেরই কয়েক জন সমর্থকের বাধার মুখে পড়তে হয় বাবুলকে। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল সমর্থকরা। বিক্ষোভকারীদের একাংশ স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামী বলে দাবী করা হয়েছে।
সূত্রের খবর, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে খোঁজ নিয়েছেন দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে দলীয় নেতৃত্বের তরফে দু’পক্ষকেই সতর্ক হতে বলা হয়েছে।
এই প্রসঙ্গে দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতা বলেছেন, ‘‘জনসংযোগ করতেই রাজ্য জুড়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে দল। তাছাড়া দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়। ফলে সেখানে এই ধরনের ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করা হয়েছে”।
এই ঘটনার দিন নিজেদের কাউন্সিলর অনুগামী বলে দাবী করেন বিক্ষোভকারীরা। সূত্রের খবর, সেই সময় বাবুলকে বলতে শোনা যায়, ‘‘এখানে কাউন্সিলরের অনুগামী বলে কেউ নেই। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী”। যদিও এই ঘটনার দিন এলাকায় ছিলেন না কাউন্সিলর সুদর্শনা।
স্বাগত জানানোর বদলে বিক্ষোভ! বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বাবুলকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল কর্মীদেরই, প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল
RELATED Articles





