আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এখন উত্তাল পরিস্থিতি। দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। বিদেশের মাটিতেও পড়েছে আন্দোলনের আঁচ। সকলের একটাই দাবী, দোষীদের কঠোর শাস্তি চাই। এই ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবার এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আর জি করের ঘটনায় আন্দোলন, মিছিল করছেন সাধারণ মানুষ। নানান রাজনৈতিক দলের তরফেও এই ঘটনায় প্রতিবাদ জানানো হচ্ছে। এরই মধ্যে এবার দিলীপ ঘোষ এই ঘটনায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, শাসকদলকে সামাজিকভাবে বয়কট করা উচিত। তাদের পরিবারকেও বয়কট করার নিদান দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষেন তিনি।
দিলীপ ঘোষের কথায়, “ক্ষমতা থেকে সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। বাংলাদেশের নেতাদের ঝুলিয়ে দিয়েছে। টিএমসির অনেক নেতাকে পাবলিক ঝুলিয়ে দেবে। আমাদের দেশের লোকেরা শান্তি প্রিয়। তাই মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস বলছি”।
তৃণমূলের একাংশ নেতাদের বিরুদ্ধেও তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূলের যাঁরা ধমকাচ্ছে-চমকাচ্ছে এদের সমাজ বিরোধী ঘোষণা করুন। এদের সমাজ বিরোধী তকমা দিন। এদের পরিবারকে বয়কট করুন। কারণ এদের পরিবার অভিযুক্তের পক্ষে রয়েছে। এই প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ হোক, কাল হোক এদের বিরুদ্ধে সরব হতে হবে। আপনারা সজাগ থাকুন। আপনারা সজাগ থাকলে তাহলে কোনও সরকার অন্যায় করার আগে ভাববে”।





