‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গীয় স্লোগান হিসেবে জয় বাংলার ব্যবহার করে থাকেন।
আর এবার ভোটের বাজারে সেটাকেই অস্ত্র করে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। কটাক্ষ করে লিখলেন, “গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন মাননীয়া।”
Posted by Dilip Ghosh on Wednesday, January 27, 2021
আর বঙ্গ বিজেপি সভাপতির এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। চুপ থাকেনি নিজের শাসকদল তৃণমূলও। তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা তোপ দেগেছেন, “বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির ছোঁয়া আনতে চাইছে বিজেপি।”
প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজি জন্মজয়ন্তীর দিন থেকে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে। ওইদিন নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের তরফে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলে দর্শকাসন থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে। মঞ্চেই যার প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কোনও বক্তব্য না রেখেই ফিরে যান তিনি।
বিজেপি কর্মীদের এই কর্মকাণ্ডকে ভালো চোখে দেখেনি রাজ্যের কোনও বিরোধী দলই।
নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগানকে ঘিরে এরপরই নিন্দায় সরব হয় তৃণমূল, বাম, কংগ্রেস সব পক্ষ-ই।
আত্মপক্ষ সমর্থনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে টুইটারে একের পর এক তোপ দাগেন বিজেপি আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। তৃণমূল নেত্রীর মুখে ‘জয় বাংলা’ স্লোগান ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকারি স্লোগান’ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানকে জনপ্রিয় করেছিলেন শেখ মুজিবর রহমান।’ প্রশ্ন তোলেন, ‘কার কাছ থেকে স্বাধীনতা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নেতাজি যেখানে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেখানে তিনি বিভেদের কথা বলছেন,’ বলেও তোপ দাগেন অমিত মালব্য।





