আর তাই বাংলা জিততে এবার আরও কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি। আক্রমণ হতে চলেছে আরও ক্ষুরধার। আর তাইতো সোমবার সন্ধ্যায় রাসবিহারী মোড়ে রোড-শো শেষে জনসভায় দিলীপ ঘোষ বলে উঠলেন, ‘আমার যেমন মুখ চলে, তেমন হাত-পাও চলে। দেখতে চাইলে দেখিয়ে দেব।’
প্রসঙ্গত কাল দক্ষিণ কলকাতায় মমতার খাস গড়ে যখন শুভেন্দু অধিকারী নিজের শক্তি প্রদর্শন করেছিলেন তখন বিজেপির রোড শো-এর ওপর হামলা চালায় তৃণমূলীরা। তবে এই ঘটনার দায় পাল্টা বিজেপির ওপরই চাপিয়েছে তৃণমূল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘বিশেষ বিশেষ জায়গা থেকে বিশেষ বিশেষ সম্প্রদায়ের লোকেরা আমাদের আক্রমণ করছে। আমরা অনেকদিন সহ্য করেছি। আমরা গণতন্ত্র, শৃঙ্খলা, আইন মেনে চলি এবং একই সঙ্গে রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই সেটা মানি। এখানে হাজার হাজার যুবক আজ উপস্থিত হয়েছেন। ভগবান তাদেরও ২টো করে হাত দিয়েছেন। আর টিএমসির গুন্ডাদের চারটে হাত আছে না কি? আমরা যদি একটু নড়াচড়া করি তাহলে হসপিটালে কি আর জায়গা পাওয়া যাবে’? প্রশ্ন করেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ।
এর পরই রাজ্যের শাসক শিবিরকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি সুরে দিলীপবাবু বলেন, ‘তাই এটা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি অভ্যাস না পালটান, আমরা কিন্তু আপনাদের শারীরিক ভৌগলিক চেহারা পাল্টে দেব। বলে দিলীপ ঘোষ খুব দুর্মুখ। মুখ চলে। আমি বলছি, হাত-পাও আমার চলে, দেখতে চাইলে দেখিয়ে দেব। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। ১০ বছরে সরকার যমের দুয়ারে পৌঁছে গেছে। কিন্তু অভ্যাস পাল্টাচ্ছে না’।






