দিল্লি সফরে মোদী-মমতার সাক্ষাতের সম্ভাবনাকে ঘিরে কটাক্ষ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি বলেন, “সরকার চালাতে পারছেন না আর। তাই প্রধানমন্ত্রীর হাতে-পায়ে ধরতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী”।
এদিন মমতার এই সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের যে আর্থিক অবস্থা, যে ধরণের ভুয়ো আইএএস, আইপিএস, নীলবাতি, ভাতা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে, আর ঋণ যে ভাবে বাড়ছে, সরকার চালানোর মতো পরিস্থিতি ওনার নেই। তাই মোদীজির কাছে হাতজোড় করতে যাচ্ছেন। বলতে যাচ্ছেন, দেখুন আমাকে একটু। আমি তো আর পারছি না। সাহায্য করুন। হাতে পায়ে ধরার চেষ্টা করছেন আর কী”।
আরও পড়ুন- এক কেজি রূপোর মুকুট তৃণমূল নেতার মাথায়, বিধায়ককে উপহার দলীয় কর্মীদের, ধেয়ে এল কটাক্ষ
দিলীপ ঘোষের এমন মন্তব্যের পালটা জবাব দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, “পাগলের প্রলাপ বকছেন দিলীপবাবু। কেন্দ্রের কোষাগারটা বিজেপির নয়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের পাওনা চাইতেই পারেন। দিলীপবাবুকে দিল্লির নেতারা সাক্ষাতের সময় দেন না। তাই হিংসায় উনি এসব কথা বলছেন”।
প্রসঙ্গত, সোমবার দুপুরে পাঁচদিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর ঘিরে নানান জল্পনা তৈরি হয়েছে। আগামী বুধবার তিনি সৌজন্য সাক্ষাৎ সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
আরও পড়ুন- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে জাতীয় সঙ্গীত গাওয়ার বার্তা মোদীর, দিলেন ‘ভারত জোড়ো’ ডাক
এরপর দেশের নানান বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। দেখা করতে পারেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও। মমতার এই দিল্লি সফরের জেরে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নানান বিরোধী দলগুলি কীভাবে মোদীর বিরুদ্ধে এককাট্টা জোট বাঁধতে পারে, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী।





